
পূর্বাশা ডেস্ক:
সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন না হলে যে আন্দোলনের ডাক দেওয়া হবে তা দেশবাসী ও বিশ্ববাসী দেখে নাই বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে গণ সংস্কৃতি দল আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সরকারকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, লন্ডন থেকে দেশে ফিরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন। সেই দাবি অনুযায়ি সকল দলের অংশগ্রহণে নির্বাচন দিলে ভালো। অন্যথায় যে আন্দোলনের ডাক দেওয়া হবে তা দেশবাসি ও বিশ্ববাসি দেখে নাই।
তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে হবে। কারণ খালেদা জিয়া বিএনপি ও ২০ দলীয় জোটের পিছানোর আর রাস্তা নেই। এজন্য আগামী নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা করার দরকার তা ২০ দল ও বিএনপি করবে।
‘চাল ও শিশুখাদ্যসহ নিত্য পণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের দাবি’ উপলক্ষে এ কর্মসূচিতে তিনি বলেন, রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক, এটা আমরা চাই। এই পরিস্থিতিতে তাদের দেশে ফিরিয়ে নিতে সামরিক ও কূটনৈতিক উদ্যােগ গ্রহণ করতে হবে। আর সরকার এটা করতে ব্যর্থ হলে বিএনপির ক্ষমতায় এসে শহীদ জিয়া ও খালেদা জিয়ার চুক্তি অনুযায়ি তাদের দেশে ফিরে দেয়ার ব্যবস্থা নেওয়া হবে।
দেশের নিরব দুর্ভিক্ষ চলছে মন্তব্য করে দুদু বলেন, শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন, ১০ টাকা কেজি চাল খাওয়াবেন। কিন্তু এখন মোটা চালের দাম ৭০ টাকা কেজি। ফলে চাল দ্রারিদ্র মানুষের ক্রয় ক্ষমতায় বাইয়ে। এজন্য সরকারকে বিএনপির পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি এস আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তাফা ভুইয়া প্রমুখ বত্তব্যে রাখেন।
সেপ্টেম্বর ২৪, ২০১৭/ রুমকী

























































