
পূর্বাশা ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এবং সদর ইউনিয়নের ছয়টি রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১১ হাজার ৬০৪ জন শিশুকে পোলিও, নিজাস, রোবেলা টিকা এবং ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। তার মধ্যে ৫-১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৮ হাজার ৫০১ জন এবং দু’মাস থেকে ৫ বছরের মধ্যে শিশু রয়েছে ৩ হাজার ১০৩। আর সদ্য বাংলাদেশে জন্ম নেয়া ৮০ নবজাতক শিশু রয়েছে। এছাড়া ১০ হাজার ৯০৩ জন রোহিঙ্গা নারী-পুরুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেয়া হয়েছে। যাদের মধ্যে ৪০০ জন গর্ভবতী রোহিঙ্গা নারীও রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে রোহিঙ্গা নারী রহিমা বেগম বলেন, আমার চতুর্থ সন্তানের জন্ম হয়েছে বাংলাদেশের আশ্রয়কেন্দ্রে। মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচার থেকে প্রাণ বাঁচাতে স্বামী-সন্তান নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। এ শিশুর ভবিষ্যৎ কী হবে জানি না। নিজের দেশ মিয়ানমারে ফিরে যেতে পারব কিনা, তাও জানি না। বাড়িঘর জ্বালিয়ে দিলেও মিয়ানমারের ফকিরা বাজারে আমাদের জায়গাজমি আছে। মিয়ানমারের মংডুর বাসিন্দা আছিয়া খাতুনের তৃতীয় সন্তানের জন্ম হয়েছে বাংলাদেশে। ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ায় স্বামী-সন্তান নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীর সংখ্যা কম নয়। চাকঢালা, বড়ছনখোলা, সাপমারাঝিড়ি, আষাঢ়তলী, ফুলতলী আশ্রয়কেন্দ্রে ১০ দিনের ব্যবধানে ১৩ শিশু জন্ম নিয়েছে বলে খবর পেয়েছি। প্রত্যেক নারীর আরও ৩-৪টি শিশু রয়েছে। বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. অংসুই জানান, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ৬টি মেডিকেল টিম কাজ করছে সীমান্ত এলাকায়। ওষুধ সংকট নেই। চিকিৎসাসেবার পাশাপাশি শিশুদের ভিটামিন এবং টিকা খাওয়ানো হচ্ছে। যতটুকু সম্ভব চেষ্টা করছি রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। কিন্তু বিশাল এ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করা সত্যিই দুরূহ।
২০১৭/মাহি






















































