
ডেস্ক রিপোর্ট :
টাঙ্গাইল থেকে প্রেমিক সজীবের ডাকে ঢাকায় আসে এক কিশোরী। কিন্তু প্রেমিকের সামনে গিয়ে বুঝতে পারে সে চরম ভুল করেছে।
ওই প্রেমিক প্রথমেই তার টাকা ও স্বর্ণালঙ্কার কেড়ে নেয়। তারপর গাড়িতে তুলে দেয়ার নামে শাকিল নামে অপর যুবক তাকে কৌশলে একটি হোটেলে নিয়ে তোলে। সেখানে তাকে ধর্ষণ করেছে কয়েক যুবক। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে মিরপুরের দারুস সালামে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় তারা। সেখান থেকে উদ্ধার করে শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, শুক্রবার মধ্যরাতে মেয়েটিকে হাসপাতালে নেয়ার পর আমরা খবর পেয়েছি। কিন্তু চিকিৎসাধীন থাকায় মেয়েটির সঙ্গে বেশি কথা বলা যায়নি।
যতটা জানা গেছে, ওই কিশোরীর ঢাকায় থাকা এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তার ডাকে সে ঢাকায় আসে। এরপর প্রেমিক টাকা-পয়সা কেড়ে নিয়ে চলে যেতে বলে। পরে অন্য কয়েক যুবক তাকে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে জানা গেছে। মেয়েটির প্রেমিকের সঙ্গে ধর্ষকদের যোগসূত্র আছে কিনা তা যাচাই করা যায়নি বলে জানান তিনি।
জানা যায়, গত শুক্রবার রাত ৭টার পর ওই কিশোরীকে মিরপুর ১০ নম্বরের শাহ আলী কমপ্লেক্সের নিচ থেকে উদ্ধার করা হয়। সাজ্জাদ নামে স্থানীয় এক নিরাপত্তারক্ষী তাকে একটি বেঞ্চের নিচে পড়ে থাকতে দেখেন। তখন লোকজন তাকে ঘিরে ধরে। কাছে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তার স্ত্রীকে ডেকে নেন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসা না দিলে পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসা না দেয়া হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
২০১৭/মাহি






















































