
পূর্বাশা ডেস্ক:
দরিদ্র মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহের ব্যবস্থা না করায় সরকারের উদাসীনতার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষেতমজুর সমিতির নেতারা। একই সঙ্গে ভূমিহীন ক্ষেতমজুরদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ ও বন্যায় ক্ষতিগ্রস্ত গরিবদের জন্য অবিলম্বে ঘরবাড়ি নির্মাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তন বিমল বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সভায় সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু সাংগঠনিক ও সভার আলোচ্যসূচি উপস্থাপন করেন।
আলোচ্যসূচিতে বন্যা পরবর্তীতে দরিদ্র ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা না করায় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এই সময়ে সিন্ডিকেট ব্যবসায়ীরা কারসাজি করে চালের মূল্য ব্যাপক বৃদ্ধি করছে যেখানে সরকারের ভূমিকা নিন্দাযোগ্য।
সভায় নেতৃবৃন্দ ভিজিএফ, ভিজিডি এবং ১০০ দিনের কর্মসূচি চালু ও প্রকৃত খেতমজুরদের তালিকা করাসহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের ঘরবাড়ি পুনঃনির্মাণ, নদী ভাঙন এলাকায় ভাঙ্গন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষুদ্র কৃষক ও ক্ষেতমজুরদের বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ এবং ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবীদের কর্মসংস্থান ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহের দাবি জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, অধ্যাপক ইয়াসিন আলী এমপি, অধ্যাপক নজরুল হক নিলু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, গাজী আব্দুল হামিদ, মাহাবুব আলম, অজিত কুমার মণ্ডল, ডা. সুজিত বর্মণ, তপন সাহা চৌধুরী, মো. ফয়জুল ইসলাম প্রমুখ।
অক্টোবর ৬, ২০১৭/ রুমকী






















































