
পূর্বাশা ডেস্ক:
পেরুর সাথে গোলশূন্য ড্র করে মহাবিপদে পড়ে গেছে আর্জেন্টিনা। তাদের আগামী বছরের বিশ্বকাপে খেলা পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে গেছে। এখন খেলা আর না খেলা বলতে গেলে তাদের হাতেই নেই।
দক্ষিণ আমেরিকা থেকে চারটি দলের সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলার কথা। পঞ্চম দলটি খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্লে-অফের মাধ্যমে। কিন্তু পেরুর সাথে ড্র করার পর আর্জেন্টিনা এখন ৬ নম্বরে রয়েছে। এই অবস্থা থাকলে তারা প্লেঅফেও খেলতে পারবে না। ১৯৭০ সালের পর এ ধরনের ঘটনা আর একটাও ঘটেনি।
দক্ষিণ আমেরিকায় বাছাই পর্বের মাত্র এক রাউন্ড বাকি আছে। ওই রাউন্ডের ওপরই নির্ভর করবে এখন মেসিদের ভাগ্য। চিলির খুবই সম্ভাবনা আছে পরের ম্যাচে জয় নিয়ে আর্জেন্টিনাকে ডিঙ্গিয়ে যাওয়া।
আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবে একুয়েডরের মাঠে।
এক ম্যাচ বাকি থাকতে আর্জেন্টিনা আর পেরুর পয়েন্ট সমান ২৫। গোল ব্যবধানও সমান। তবে গোল করায় এগিয়ে পঞ্চম স্থানে আছে পেরু।
একই সঙ্গে হওয়া অন্য দুই ম্যাচের একটিতে ইকুয়েডরকে ২-১ গোলে হারানো চিলি ২৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ২০ পয়েন্ট পাওয়া ইকুয়েডরের বিশ্বকাপ স্বপ্ন শেষ।
অন্য ম্যাচটিতে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়া কলম্বিয়া সমান পয়েন্ট ও সমান গোল পার্থক্য নিয়ে গোল করায় চিলির চেয়ে পিছিয়ে আছে চতুর্থ স্থানে। দারুণ এই জয়ে ২৪ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ের আশাও টিকে আছে।
দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে গোলরক্ষক কার্লোস লাম্পের নৈপুণ্যে ব্রাজিলকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় বলিভিয়া।
বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপে ওঠা ব্রাজিলের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৮। ১৪ পয়েন্ট পাওয়া বলিভিয়ার বিশ্বকাপ স্বপ্ন অনেক আগেই ভেঙে গেছে।
পরের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করা উরুগুয়ে ২৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। গোল পার্থক্যে বেশ এগিয়ে থাকায় দুই বারের চ্যাম্পিয়নদের সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়াটা অনেকটাই নিশ্চিত। ৯ পয়েন্ট নিয়ে তলানিতে ভেনেজুয়েলা।
নেইমারদের রুখে দিলেন বলিভিয়ার গোলরক্ষক। নেইমার, উইলিয়ান, পলিনহো, গ্যাব্রিয়েল, জেসুসরা বেশ খেলেছেন। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে সহজেই জয় পাওয়ার কথা ছিল ব্রাজিলের। কিন্তু তাদেরকে রুখে দিয়েছেন বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পে।
পরিণতিতে বৃহস্পতিবার রাতের ম্যাচটি হলো গোলশূন্য ড্র।
শুরুর ২৫ মিনিট নিষ্প্রাণ খেলার পর ব্রাজিলের একের পর এক আক্রমণে ম্যাচে উত্তেজনা ফেরে। ২৫তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে নেইমারের ডান পায়ের শট দারুণভাবে ঠেকান লাম্পে।
আট মিনিট পর আবার সুযোগ পেয়েছিলেন পিএসজির তারকা ফরোয়ার্ড। এবার ডি-বক্সে ঢুকেই নেওয়া ডান পায়ের শট ঠেকান লাম্পে।
৩৮তম মিনিটে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেসুসের প্রচেষ্টাও ঠেকান লাম্পে। কাছ থেকে নেওয়া শট লাগে তার মুখে।
পাঁচ মিনিট পর নেইমারকে গোল-বঞ্চিত করেন গাব্রিয়েল ভালভেরদে। গোলরক্ষক এগিয়ে এসে প্রথম দফায় নেইমারকে বাধা দেন। বল নিয়ন্ত্রণে রেখে নেওয়া নেইমারের শট এরপর গোললাইন থেকে ফেরান ভালভেরদে। ফিরতি বল পেয়ে নেইমারের আবার নেওয়া শটও ঠেকান এই ডিফেন্ডার।
বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার সুযোগটি হারায় স্বাগতিকরা। বেহার্নোর জোরালো শট গোলরক্ষক আলিসনকে পরাস্ত করলেও ক্রসবার কাঁপিয়ে ফিরে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পা উঁচিয়ে জালে বল পাঠানোর চেষ্টা করেছিলেন নেইমার। বাধা সেই লাম্পে। একটু পর ডি-বক্সে একজনকে কাটিয়ে নেইমারের শট নেওয়ার মুহূর্তে বল বিপদমুক্ত করেন মাচাদো।
৬০তম মিনিটে ডি-বক্সের ভেতরে কঠিন কোণ থেকে করা নেইমারের ভলি ঠেকান লাম্পে। ৭৮তম মিনিটে ঠেকান কৌতিনিয়োর বদলি হিসেবে নামা উইলিয়ানের উপরের কোণ দিয়ে গোলের প্রচেষ্টাও। ৮৩তম মিনিটে নেইমারের ক্রসে জেসুসের হেডে আবার দারুণ সেভ।
১৯৮৫ সালের পর বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়ার রাজধানী থেকে আর জয় নিয়ে ফিরতে পারেনি ব্রাজিল।
রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা দুই ড্র করা ব্রাজিল অবশ্য তিতের অধীনে অপরাজেয়ই রইল। প্রথম ম্যাচে চিলির কাছে হারের পর তিতে দায়িত্ব নেওয়ার পর বাছাইপর্বে আর হারেনি তারা। অপরাজিত রইল ১৬ ম্যাচ।
অক্টোবর ৬, ২০১৭/ রুমকী
























































