মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাজিলকে জিততে দিল না বলিভিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিশ্বকাপের টিকিট আগেই পেয়ে গেছে, তাই বলে কি ছেড়ে দেবে ব্রাজিল। মোটেও না। জয়ের জন্য দাঁতে-দাঁত লাগিয়ে লড়াই করেছে নেইমাররা। কিন্তু তাদের জয় থেকে বঞ্চিত করল বলিভিয়া। ব্রাজিল ফুটবলারদের একের পর এক আক্রমণ রুখে দেন বলিভিয়ান গোলরক্ষক কার্লোস লাম্পে।  শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

এদিন ম্যাচের ২৫তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে নেইমারের ডান পায়ের শট দারুণভাবে ঠেকান লাম্পে। আট মিনিট পর আবার সুযোগ পেয়েছিলেন পিএসজির তারকা ফরোয়ার্ড। এবার ডি-বক্সের ভেতর থেকে নেয়া শট আটকে দেন লাম্পে। ৩৮তম মিনিটে জেসুসের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন লাম্পে। এর মিনিট পাঁচেক পর নেইমারকে গোল বঞ্চিত করেন গাব্রিয়েল ভালভেরদে।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে নেইমারের ভলি আটকে দেন লাম্পে। ৮৩তম মিনিটে নেইমারের ক্রসে জেসুসের হেডে আবার দারুণ সেভ। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ব্রাজিল।

দিনের অপর ম্যাচে ঘরের মাঠে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা আরও কঠিন হলো আর্জেন্টিনার। এই ড্রয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ছয় নম্বরে নেমে গেল হোর্হে সাম্পাওলির দল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট ব্রাজিলের। ১৪ পয়েন্ট পাওয়া বলিভিয়ার বিশ্বকাপ স্বপ্ন আগেই ম্লান হয়ে গেছে।

অক্টোবর ৬, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি