
বিদ্যুৎ বির্পযয়ে যেকোন সময় অন্ধকারে ডুবতে পারে সারাদেশ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশে (পিজিসিবি) বলছে, সারাদেশের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা ঝুঁকিতে আছে। এদিকে ২০১৪ সালের ব্ল্যাক আউটের পর গঠিত তদন্ত কমিটির কারিগরি রিপোর্ট বাস্তবায়নে কোন অগ্রগতি না হওয়ায় গ্রিড বিপর্যয়ের ঝুঁকি দিন দিনই বাড়ছে বলেও সতর্ক করেছে কোম্পানিটি। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিড বিপর্যয় বন্ধ করা না গেলে বিদ্যুৎ খাতে কোন সাফল্য আসবে না।
২০১৪ সালের পহেলা নভেম্বরে স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে ১৫ কোটি মানুষ। ২২ ঘণ্টার চেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। এরপর গত ৩ বছরে বেশ কয়েকবার ছোট খাটো কিছু বিপর্যয়ে পড়ে দেশ। পরবর্তিতে পুরনো পদ্ধতিতে লোড কেটে এই বিপর্যয় সামাল দেয়া হয়। এই ঘটনায় গঠন হয়ছিলো তদন্ত কমিটি। তবে তাদের দেয়া স্বল্প মেয়াদী পরামর্শ ছাড়া তিন বছরে মধ্য ও দীর্ঘমেয়াদী কোন পরামর্শই বাস্তবায়ন হয়নি।
পিজিসিবির দাবি, চুক্তি না থাকায় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মুনাফা হারানোর ভয় এবং পিডিবির কারিগরি অক্ষমতার কারণে কোন পরামর্শ মানা হচ্ছে না। এদিকে, ক্রমবর্ধমান চাহিদা পুরণের জন্য নতুন নতুন কয়লাভিত্তিক ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর অপেক্ষায় আছে। তবে পিজিসিবির শঙ্কা, এসব কেন্দ্র চালু হলে জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সির ভারসাম্য রক্ষা সম্ভব হবে না। তাছাড়া ঘন ঘন ঘটবে গ্রিড বিপর্যয়।
এ সম্পর্কে পিজিসিবি’র নির্বাহী পরিচালক ইমদাদুল ইসলাম বলেন, ‘প্রতিটা ইউনিটে দুই হাজার মেগাওয়াট । হঠাৎ যদি এটার ১২’শ মেগাওয়াট নষ্ট হয়ে যায় তখন অবস্থা ভয়াবহ হয়ে যাবে।’
এদিকে পরামর্শকদের নির্দেশনায় ২০১৪ সালের পর পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনকারী ১১ প্রতিষ্ঠানকে নিয়ে অটো গভর্র এফজিও মোড চালু করে পিজিসিবি। তখন গ্রিড ফ্রিকোয়েন্সি স্বাভাবিক রাখা গেলেও এখন এফজিও মোডে চলছে মাত্র দুটি প্রতিষ্ঠান। এতে যেকোন সময় ঘটতে পারে বড় বিপর্যয়। পিজিসিবি’র দাবি, এ বিষয়ে মন্ত্রণালয়কে বার বার চিঠি দিয়েও কোনো কাজ হচ্ছে না।
এ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘আগামীতে সব প্রতিষ্ঠানের সঙ্গেই এফজিও মোড চুক্তি হবে। এরই মধ্যে এ সংক্রান্ত আইনের খসড়া সংসদে পাঠিয়েছে মন্ত্রণালয়। কার্যকরের সম্ভাবনা আছে তিন মাসের মধ্যে।’
07/10/ 2017/ Choity






















































