বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্যাবলেট খেয়ে দুই স্কুলছাত্রের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :
গ্যাসের ট্যাবলেট খেয়ে নাটোরে স্কুলছাত্র ইমন হোসেন (১৩) ও নিশাত হোসেন (১৪) নামে দুই বন্ধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার সকাল ১১টায় সিংড়া উপজেলার একটি পুকুর পাড়ে তারা এ আত্মহত্যার ঘটনা ঘটায়। তারা দুজনই সিংড়ার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়ত।

জানা গেছে, রোববার সকাল ১১টায় উপজেলার হুলহুলিয়া প্রামাণিকপাড়ায় একটি পুকুর পাড়ে গ্যাসের ট্যাবলেট খেয়ে ওই দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। পরে খবর পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ ইমনকে মৃত ঘোষণা করেন এবং নিশাত হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়।

ইমন উপজেলার হরিপুর গ্রামের আমিন আলীর ছেলে ও নিশাত হোসেন একই উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত বকূল হোসেনের ছেলে বলে জানা গেছে।

সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এএমএস আলমত জানান, শিক্ষার্থী ইমন হোসেন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেছে। অপর শিক্ষার্থী নিশাত হোসেনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিংড়ার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারিক জানান, ওই দুই শিক্ষার্থী রোববার ১০টা ৪০ মিনিটের দিকে স্কুলড্রেস ছাড়া গেঞ্জিপরিহিত অবস্থায় তারা স্কুলে আসে। শ্রেণিশিক্ষক ইয়াকুব আলী তাদের অস্বাভাবিক অবস্থায় ক্লাসে প্রবেশ করতে দেখে প্রধানশিক্ষকের অনুমতি নিতে বলেন। কিন্তু তারা প্রধানশিক্ষকের অনুমতি না নিয়ে স্কুল ত্যাগ করে। কিছুক্ষণ পর তাদের মৃত্যুর খবর পাওয়া যায়।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

পূর্বাশানিউজ/১৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি