শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লামায় ভয়াবহ আগুন, ৪ দোকান ভস্মীভূত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৭


ডেস্ক রিপোর্ট :
বান্দরবানের লামা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকানঘরসহ ব্যাপক মালামাল ভস্মীভূত হয়েছে। আজ ভোর ৬টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন লামা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোজাম্মেল হক। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, লামা বাজারের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জনতা এন্টারপ্রাইজ, মেসার্স মিজান ট্রেডার্স, মক্কা এন্টারপ্রাইজ ও জনতা অটো রাইসমিল।
প্রাথমিকভাবে আগুনে দোকান মালিক ও দোকানদারের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ লাখ ৫০ হাজার টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। খবর পেয়ে দ্রুত আগুন নিভাতে আসে লামা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এসময় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনসাধারণ আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।
সরজমিনে জানা গেছে, ভোর ৬টায় বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে আগুন মেসার্স মিজান ট্রেডার্স এর ২য় তলায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওযান নু ও লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লামা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোজাম্মেল হক জানান, অগ্নিকান্ডে চারটি দোকান মালামালসহ বেশি ক্ষতি হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষতির পরিমাণ হতো কয়েক কোটি টাকা। এসময় এসব দোকান থেকে অন্তত ১০ লাখ টাকার মালামাল আগুনের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

পূর্বাশানিউজ/১৯অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি