
ডেস্ক রিপোর্ট :
দীর্ঘদিন ধরে জামালপুরের সরিষাবাড়ীতে ৮৬ নম্বর পুষ্পপপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৩ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র দুজন শিক্ষক। এ কারণে শিক্ষার্থীদের পাঠদান বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও ভেঙে পড়ার দশা।
সরেজমিনে, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামে পুষ্পপপি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১১ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টিতে শিক্ষকের পদ রয়েছে পাঁচটি।
প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের পদ ছয় বছর ধরে শূন্য। গত ২০ মার্চ থেকে জুলহাস উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকারী শিক্ষক জীবন নাহার গত ২৮ মার্চ থেকে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এ অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন ও সহকারী শিক্ষক শামীমা বেগম সাত মাস ধরে বিদ্যালয়ের ১৯৩ জন শিক্ষার্থীকে পাঠদান করে আসছেন। তারপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশাসনিক কাজে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গেলে সহকারী শিক্ষক শামীমা বেগমকে একাই পাঁচটি ক্লাসে পাঠদান করতে হয়।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মমিনুল বলে, ‘স্যার কম থাকায় আমাদের ঠিক মতন ক্লাস হয় না। সামনে সমাপনী পরীক্ষা। চিন্তায় আছি।’
শ্যামেরপাড়া গ্রামের শিক্ষার্থীর অভিভাবক ঝর্না বেগম বলেন, শিক্ষক না থাকায় ছেলেমেয়েদের পড়াশোনা নষ্ট হচ্ছে। শিক্ষক না থাকলে বিদ্যালয়ে পড়াশোনা হয় না।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন বলেন, ‘দুজন শিক্ষকের পদ শূন্য থাকায় ও একজন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় পাঁচটি ক্লাসের ১৯৩ জন শিক্ষার্থীর পাঠদানে সমস্যা হয়। আমি বিদ্যালয়ের কাজে উপজেলা শিক্ষা কার্যালয়ে গেলে একজন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হয়। উপজেলা শিক্ষা কার্যালয়ে অবগত করেও কোনো লাভ হয়নি।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলাল উদ্দিন বলেন, বিদ্যালয়ে প্রায় এক বছর ধরে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া নষ্ট হচ্ছে। বিদ্যালয়ের প্রধান সমস্যা শিক্ষকসংকট। শিক্ষা কার্যালয়ে বলেও কোনো কাজ হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ হলেই আগামী জানুয়ারিতে আর সমস্যা হবে না।
২০১৭/মাহি

















































