
পূর্বাশা ডেস্ক:
নরসিংদীর শিবপুর উপজেলার খনকুট গ্রামে মোবাইল ফোন চুরির সন্দেহে আজিজা খাতুন নামে এক ৫ম শ্রেণির ছাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কিন্তু পরে জানা যায়, মোবাইল চুরি নয় চাচির পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখে ফেলার কারণে পরিকল্পিতভাবে এই ১৩ বছরের কিশোরীকে হত্যা করা হয়েছে। আটককৃত কিশোরীর চাচী পুলিশের কাছে এ কথা বলেছেন।
এদিকে নিহতের পরিবারের অভিযোগ, আজিজার চাচি পরকীয়ার বিষয়টি ধামাচাপা দিতে মূলত মোবাইল চুরির অপবাদ দেয় আজিজার বিরুদ্ধে। পরে হাত-পা বেধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরিয়ে ফেলা হয় আজিজাকে।
২৮ অক্টোবর শনিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত আজিজা খনকুট গ্রামের পোলট্রি ফার্মের শ্রমিক আবদুস সাত্তারের মেয়ে। তিনি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তেন।
জানা গেছে, কয়েকদিন আগে আজিজার চাচি বিউটি বেগমের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এতে আজিজাকে চোর সন্দেহ করে তাকে পুড়িয়ে মারার হুমকি দেন তার চাচি। শুক্রবার সন্ধ্যায় আজিজার বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে বিউটির লোকেরা তাকে তুলে নিয়ে যায়। এর পর আজিজার হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় আজিজার শরীরে। দগ্ধ আজিজাকে উদ্ধার করে রাতেই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৯৪ শতাংশ পুড়ে যায় বলে জানায় চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
এদিকে নিহতের বাবা আবদুস সাত্তার জানান, তার চাচির ভাইয়েরাই এ ঘটনা ঘটিয়েছে বলে মৃত্যুর আগে আজিজা তাকে জানিয়েছে। সাত্তারের অভিযোগ, মোবাইল চুরির ঘটনার জের ধরেই বিউটি তার মেয়েকে পুড়িয়ে মেরেছে।
এ ঘটনায় আজিজার বাবা সাত্তার মিয়া চাচি বিউটিসহ সাতজনের বিরুদ্ধে শিবপুর থানায় মামলা করেছেন।
২৯ অক্টোবর ২০১৭/ Choity.






















































