শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫২ বছর পর খুলনা কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ-ভারত মৈত্রী বন্ধন আরও সুদৃঢ় করতে দীর্ঘ ৫২ বছর পর খুলনা ও কলকাতার মধ্যে বাণিজ্যিকভাবে বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন (চিতপুর) থেকে বন্ধন খুলনার উদ্দেশে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টায় ৫৩ জন যাত্রী নিয়ে খুলনা স্টেশনে এসে পৌঁছায় আর ২৫৩ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ফিরে যায় পৌনে ২টায়। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও যাত্রীদের সঙ্গে এ ট্রেনে খুলনা থেকে কলকাতার উদ্দেশে রওনা হন। কলকাতা ও খুলনা স্টেশনে এবং ট্রেনের মধ্যেই চেকিং ও কাস্টমস-ইমিগ্রেশনের সুবিধা পাবেন যাত্রীরা।

বাণিজ্যিক যাত্রার প্রথম দিন বৃহস্পতিবার (১৫ নভেম্বর) খুলনা স্টেশনে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যাত্রার শুরুতে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ট্রেন চালুর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। রোগী ও বৃদ্ধদের যাতায়াতে সুবিধা হবে। অসুস্থ ও বৃদ্ধদের ভিসা সহজ করা হবে। সরাসরি ট্রেন চালুর ফলে যাত্রীদের দুর্ভোগও অনেকটা কমবে। এছাড়া ভিসা সহজীকরণের জন্য অচিরেই খুলনায় সহকারী ভারতীয় দূতাবাস খোলা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খালিশপুরের বাসিন্দা সারজিনা আলম সুজানা বলেন, ইতিহাসের সাক্ষী হতে পেরে খুবই ভালো লাগছে। এই ট্রেন চালু হওয়ায় এ অঞ্চলের মানুষ খুব সহজেই কলকাতায় যাতায়াত করতে পারবে।

বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (পাকশি) অসিম কুমার তালুকদার বলেন, বন্ধন এক্সপ্রেসে ১০টি কোচ রয়েছে। এর মধ্যে ইঞ্জিন ও পাওয়ারকার ২টি। বাকি ৮টি কোচে ৪৫৬টি আসনে যাত্রীর ব্যবস্থা রয়েছে। আসনগুলো সবই শীতাতপ নিয়ন্ত্রিত। এর মধ্যে কেবিন ১৪৪টি এবং চেয়ার ৩১২টি। এ রুটের দৈর্ঘ্য ১৭৫ কিলোমিটার।

ভাড়া নির্ধারণ রয়েছে কেবিন ২ হাজার টাকা। আর চেয়ার ১ হাজার ৫০০ টাকা। খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ৯ নভেম্বর খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেসের যাত্রার উদ্বোধন করা হয়। আর বৃহস্পতিবার যাত্রী নিয়ে বন্ধন এক্সপ্রেস যাত্রা শুরু করল। তিনি জানান, ট্রেনে আসন সংখ্যা রয়েছে ৪৫৬টি। এর মধ্যে বৃহস্পতিবার প্রথম দিনের জন্য ২৫৩টি টিকিট বিক্রি হয় এবং সমপরিমাণ যাত্রী নিয়েই ট্রেন যাত্রা করে। মোট ৪ ঘণ্টার যাত্রাপথে বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে যথাক্রমে ১০ ও ১৪ মিনিট যাত্রা বিরতি করবে বন্ধন।

উল্লেখ্য, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর খুলনা-কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫২ বছর পর সেই ট্রেনই সে পথেই নতুনরূপে চালু করা হয়েছে।

পূর্বাশানিউজ/১৭নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি