বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরে ডাস্টবিন থেকে উদ্ধার করা নবজাতক হাসপাতালে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকার একটি ডাস্টবিন থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। রোববার  দুপুর সোয়া ২টার দিকে স্থানীয় এক পোশাক শ্রমিক দম্পতি নবজাতক শিশু কন্যাটিকে উদ্ধার করে। রেখা আক্তার ও আব্দুল মতিন নামের ওই দম্পতি সেখানকার একটি পোশাক কারখানার শ্রমিক।

শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

পোশাক শ্রমিক দম্পতি রেখা আক্তার ও আব্দুল মতিন জানান, রোববার দুপুরে লক্ষীপুরা এলাকার ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা। এসময় ডাস্টবিনে একটি শিশুর কান্না শুনে তারা এগিয়ে যান। শিশুটিকে একটি প্লস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। একটি বিড়াল প্লাস্টিকের ব্যাগ আঁচড়ানোর সময় শিশুটি থেমে থেমে চিৎকার করছিল বলেও জানান তারা। সূত্র : বাংলা ট্রিবিউন

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার প্রণয় ভূষণ দাস বলেন, এক দম্পতি নবজাতক শিশু কন্যাটি জরুরি বিভাগে নিয়ে আসেন। শিশুটির বয়স কয়েক ঘণ্টা। তার গায়ে সামান্য আঁচড়ের দাগ রয়েছে। শিশুটি এখন শঙ্কামুক্ত। তবে নবজাতকের জন্য মায়ের বুকের দুধ দেয়া জরুরি।

এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়েছি। নবজাতকের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বাশানিউজ/২০ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি