রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির গোল বাতিল! বিতর্ক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লা লিগায় পয়েন্ট খোয়াল বার্সেলোনা। রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লিওনেল মেসিরা চলতি মৌসুমে ঘরোয়া লিগে এ নিয়ে দ্বিতীয়বার ড্র করলেন। খেলার ফল ১-১ সমতা। ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মেস্টালা স্টেডিয়ামে অবশ্য এ ম্যাচের একটি ঘটনাকে নিয়ে তীব্র বিতর্ক; যার কেন্দ্রবিন্দুতে সেই মেসি?!?
শুরু থেকেই দাপট দেখালেও বার্সা কাক্সিক্ষত গোলটি পাচ্ছিল না। খেলার প্রথমার্ধে মেসির শট ভ্যালেন্সিয়ার গোললাইন পেরিয়ে গেলেও রেফারি গোল দেননি, যা নিয়ে ম্যাচ শেষেও বার্সা ভক্তদের মধ্যে তুমুল চাঞ্চল্য। খেলার তখন ৩০ মিনিট। বিপক্ষ ডি-বক্সের মধ্যে বল পেয়ে মেসি চকিতে যে শটটি নিলেন, তা ভ্যালেন্সিয়ার গোলরক্ষক নেটো ঠিকঠাক প্রতিহত করতে পারেননি। ফলে বল গোললাইন পেরিয়ে যায়। কিন্তু রেফারি বা তার সহকারীদের নজর এড়িয়ে যায় গোটা ঘটনাটি। ফলে বার্সার নিশ্চিত গোলটি বাতিল হয়ে যায়। প্রবল আধিপত্য বিস্তার করেও বার্সেলোনা প্রথম ৪৫ মিনিটে গোল করতে পারেনি। এমনকি বিরতির পরও ভালভার্দের শিষ্যদের খেলায়ই বেশি ঝাঁজ ছিল। তা সত্ত্বেও খেলার গতির বিপরীতেই ম্যাচে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া, ৬০ মিনিটে রদ্রিগোর করা গোলে। পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি বার্সেলোনা। মেসির পাস থেকেই খেলা শেষ হওয়ার মিনিটখানেক আগে দলকে সমতায় ফেরান জোর্ডি আলবা। রোববারের ম্যাচে পয়েন্ট খোয়ানোর পরও লা লিগার শীর্ষেই রয়েছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট মেসিদের। ২ নম্বরে ভ্যালেন্সিয়া। বার্সার মতোই ১৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩১। পরের দুইটি স্থানে যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। দুই দলেরই ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট।

পূর্বাশানিউজ/২৮ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি