সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধন্যবাদ, তামিম ইকবাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আউট হওয়া ব্যাটসম্যানকে কি ফিরিয়ে আনা যায়? তা-ও সেটা করেন বিপক্ষ দলের বা ফিল্ডিং দলের অধিনায়ক?

গত ২৯ নভেম্বর রাতে বিপিএলের খেলায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তা-ই দেখা গেল। কুমিল্লা দলের অধিনায়ক। তামিম ইকবাল উদ্যোগী হয়ে ফিরিয়ে আনলেন ঢাকার ব্যাটসম্যান কেভিন কুপারকে। একটু আগে কেভিন কুপার রান নিতে গিয়ে বোলার ব্রাভোর সঙ্গে অনিচ্ছাকৃতভাবে ধাক্কা খান। দুজনেই ব্যথা পান, দুজনেই পড়ে যান মাটিতে। কেভিন উঠে আর দৌড়ানোর চেষ্টাও করেননি। ফিল্ডাররা স্টাম্প ভেঙে দিলে তিনি আউট। সোজা ড্রেসিংরুমের দিকে রওনা দেন ঢাকার কেভিন কুপার। এ সময় মাঠে প্রবেশ কুমিল্লার অধিনায়ক তামিম ইকবালের। তিনি কেভিনকে কী যেন বলছিলেন। মনে হচ্ছিল তিনি তাঁকে ফিরে যেতে বলছিলেন।

প্রথম আলো লিখেছে, আম্পায়ার আর কোচ সুজন মাহমুদের সঙ্গে কথা বলে তামিম ইকবাল আবার ফেরত পাঠান কেভিন কুপারকে। কারণ হয়তো তিনি ভেবেছিলেন, কুপার ইচ্ছাকৃতভাবে পড়ে যাননি, অনিচ্ছাকৃত একটা দুর্ঘটনা হয়েছে। এই আউটটাকে আউট ধরা হলে ক্রিকেটের মূল সৌন্দর্যই নষ্ট হয়ে যেত।

২.

খেলা জিনিসটার উদ্ভাবন নিশ্চয়ই আনন্দের জন্য। হারজিত থাকবে। এক পক্ষ হারবে, আরেক পক্ষ জিতবে। ড্রও হতে পারে। ৩২টা দল হয়তো খেলছে, একটা দল চ্যাম্পিয়ন হবে। বাকি ৩১টা দলকে একবার না একবার হারতেই হবে। এর মূল লক্ষ্য মানসিক আনন্দ, শারীরিক সুস্বাস্থ্য ও সামাজিক সুসম্পর্ক। মানুষে মানুষে মৈত্রী, ঐক্য, প্রীতির বন্ধন স্থাপন। সেই খেলা হয়ে যায় পেশা। সেই খেলা থেকে কত প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা। আবার খেলা ঘিরে কত ব্যবসা। খেলা নিয়ে কত অশ্রু, কত দাঙ্গা। খেলা নিয়ে কত টেনশন। কত টাকা, কত নোংরামি।

আমরা ভুলেই গেছি, খেলা মানে খেলাই। এর ফল দিয়ে দুনিয়া ধ্বংস হয়ে যায় না। ছেলেখেলা কথাটা নিয়ে যেমন প্রবচন আছে: খেললাম খেললাম, না খেললাম, চলে গেলাম—এটা কি ছেলেখেলা! আসলে তো সেইভাবে ভাবলে দুনিয়ার সবকিছুই ছেলেখেলা। খেললাম, খেললাম; না খেললাম, চলে গেলাম।

আবার ভাবা যায়, সবাই যদি জীবনের সব ক্ষেত্রে তামিম ইকবালের মতো হতো! বিপক্ষ দলের খেলোয়াড় হয়ে উদ্যোগী হতো, বিপক্ষ দলকে আউট হতে না দিয়ে মাঠে ফেরত পাঠাত, এই জন্য যে তাতে খেলার মূল সৌন্দর্য রক্ষা পায়!

কিন্তু পৃথিবীটা ছেলেখেলার মাঠ নয়, ক্ষুধার্ত সিংহের সামনে ছেড়ে দেওয়া গ্লাডিয়েটরের জানবাজি লড়াইয়ের মাঠ। এখানে হয় তুমি বাঁচবে, নয়তো সিংহ বাঁচবে। এখানে দয়ামায়ার কোনো স্থান যেন থাকতে নেই, অন্যকে জিতিয়ে দিয়ে আনন্দ পাওয়ার তো প্রশ্নই আসে না।

আমরা সব ব্যাপারকে এ রকম বানিয়ে ফেলছি। এমনকি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে। এমনকি স্কুলের ক্লাসের পরীক্ষাকে। যেমন করে হোক, জিততে হবেই। তোমাকে কোচিংয়ে দিচ্ছি, হরলিক্স খাওয়াচ্ছি, স্কুল থেকে কোচিং সেন্টারে নিতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত করে ফেলছি, তারপরও কেন তুমি ভালো করবে না? এই নাও, কোশ্চেন কিনে এনেছি, নাও উত্তর শেখো। ফার্স্ট তোমাকে হতেই হবে।

পরীক্ষা কেন? ও কতটা শিখল, মাস্টারই বা কতটা শেখালেন, তার একটা মূল্যায়ন তো লাগবে। শেখার ব্যাপারটা গেল উবে, পড়ে রইল শুধু রেজাল্ট। ফল ভালো চাই। ‘রচনা’ বলে একটা জিনিস ছিল আমাদের সময়ে, এটা আমরা মুখস্থ করে লিখতাম। যে দেশে ‘রচনা’ করতে বলা হলে অন্যের লেখা মুখস্থ করে লিখতে হয়, সে দেশ তো নকলবাজ আর তস্করের দেশই হবে। অন্যের লেখা যে মুখস্থ করে লিখলেও নিজের বলে চালানো যায় না, এটা আমাদের দেশে কোনো দিনও কেউ বলেনি। ফলে আমরা আমাদের শিক্ষাব্যবস্থার ভেতর দিয়ে সিস্টেম্যাটিকভাবে ‘চোর’ উৎপাদন করছি। আমরা পরীক্ষায় ভালো ফল চাই, জ্ঞান চাই না, দক্ষতা চাই না।

৩.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিন মাস পরপর গোয়েন্দা সংস্থা জরিপ করছে, দলীয়ভাবেও জরিপ হচ্ছে, সবার এসিআর (অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট) প্রধানমন্ত্রীর হাতে।

মানে, আগামী নির্বাচনে মনোনয়নপ্রার্থীদের কাজের ভিত্তিতে কার কী অবস্থান, তা জেনে-বুঝে মনোনয়ন দেওয়া হবে।

কিন্তু আমরা তো সেই দেশে বাস করি, যেখানে কাজ নয়, ফলই আসল। আমরা ওই এসিআর যাতে ভালো হয়, সরাসরি সেই ব্যবস্থা করব। আবার ওই রিপোর্টে যা-ই থাকুক না কেন, চূড়ান্ত ফল যেন আমার অনুকূলে আসে, সেই ব্যবস্থাও করার চেষ্টা করব। একই কথা কিন্তু জনগণের বেলায়ও বলা যায়। বছরের পর বছর যিনি ভোটারদের সঙ্গে থেকে চিত্ত জয় করেছেন, যাঁর দলও ভালো, তিনি ভোটে জিতবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমরা তো জ্ঞানে বিশ্বাস করি না, ফলে বিশ্বাস করি। আমাদের এসিআর যে জনগণ দেখবে, সেই সুযোগ আমরা কেন দেব? আমরা প্রশ্নপত্র ফাঁস করব, দরকার হলে ট্যাবুলেশন শিট পাল্টে দেব।

বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়।

আমার গাছে যদি আম ধরে, আপনি কি বলতে পারবেন এটা জামগাছ?

৪.

আজ তাই মনে মনে ভাবি, তামিম ইকবাল যে খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দিয়েছেন বিপিএলের একটা ম্যাচে, আমাদের সব অধিনায়ক যদি সব খেলায় তেমনি মনোভাবের পরিচয় দিতে পারতেন; আমাদের জীবন, দেশ, পৃথিবী অনেক সুন্দর হতো। বইপত্রে আমরা বড় বড় মানুষের জীবনে এমনি সব উদারতার কাহিনি পড়ি। ‘অপূর্ব প্রতিশোধ’ গল্পে পড়েছি, তুমি আমার অতিথি, শত্রু হলেও তুমি আমার আশ্রয়প্রার্থী, আমি তোমার ক্ষতি করতে তো পারব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সব নেতাকে সম্মান করতেন, বিরোধী পক্ষের নেতাদের খোঁজখবর রাখতেন। অসমাপ্ত আত্মজীবনী বইয়ে তিনি মুসলিম লীগের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দীনের সঙ্গে সাক্ষাতের বর্ণনায় তাঁর সম্পর্কে শ্রদ্ধেয় মন্তব্যই করেছেন।

৫.

কিন্তু এখন কি সবকিছুর অবনমনই ঘটছে? সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসন ১৭৮৭ সালে বলেছিলেন, সরকার আছে, সংবাদপত্র নাই আর সংবাদপত্র আছে, সরকার নাই—এ রকম ক্ষেত্রে আমি দ্বিতীয়টা বেছে নেব। এটা তিনি বলেছেন আজ থেকে ২৩০ বছর আগে। ভাবা যায়! আর আজ ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিএনএন তো ফেক নিউজের ডিব্বা, অথচ তারা কেন বিশ্বে আমেরিকাকে প্রতিনিধিত্ব করে? সিএনএনের একজন জবাব দিয়েছেন, আমাদের কাজ প্রতিনিধিত্ব করা নয়, ওটা আপনার কাজ, আমাদের কাজ খবর দেওয়া।

যে দেশ জেফারসনকে প্রেসিডেন্ট বানিয়েছিল, সেই দেশই ট্রাম্পকে বানিয়েছে। এ রকম বিশ্বে তামিম ইকবালের ছোট্ট সুন্দর একটা কাজও কত সুন্দর লাগে। কোনো সুন্দর কাজই আসলে ছোট নয়। বরং বলি, ছোট কাজ সুন্দর হলে আর ছোট থাকে না। বড় হয়ে যায়। ধন্যবাদ, তামিম ইকবাল!

পূর্বাশানিউজ/০২ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি