
পূর্বাশা ডেস্ক:
পারফরম্যান্স ছাপিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনায় ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট। কারণ, কুমিল্লার বিপক্ষে মাত্র ৯৭ রানেই অলআউট রংপুর রাইডার্স। আবার ৯৮ রানের টার্গেটে পৌঁছতে ঘাম ছুটে যায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের। ম্যাচ শেষে উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুই দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা ও তামিম ইকবাল। শেরেবাংলার উইকেটকে ‘জঘন্য’ বলেও মন্তব্য করেন তারা।
পরে উইকেট পরিদর্শনে যান বিসিবির সহ সভাপতি মাহবুব আনাম, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক ও কিউরেটর গামিনি ডি সিলভা। রোববার (৩ ডিসেম্বর) এ নিয়ে আলোচনায় বসেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গামিনি ডি সিলভার পক্ষেই ব্যাট ধরেন বিপিএল গভার্নিং কমিটির সদস্য সচিব।
ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এটি “জঘন্য” উইকেট নয়। এই উইকেটেই তাঁরা (মাশরাফি-তামিম) জাতীয় দলের হয়ে খেলে। তবে এটা ঠিক। এটি টি-টোয়েন্টির উপযোগী (প্রপার) নয়।’
বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব বলেন, ‘কিউরেটরের সামর্থ্যের প্রশ্ন এখানে আসা অবান্তর। এই কিউরেটরের অধীনে গত চার বছর মাঠটা পরিচালিত হচ্ছে। এই মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানকে হারিয়েছি আমরা। দুটি টেস্টও জিতেছি। তখন এই সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠেনি। এখন একটা দল ৯৭ রানে অলআউট হয়েছে, ব্যাটসম্যানরা তাদের টেকনিক প্রয়োগ করতে পারেনি। কিউরেটরকে দোষ দিলে গ্রহণযোগ্য হবে না।’
এদিন উইকেট নিয়ে প্রশ্ন উঠতেই খানিকটা উত্তেজিত হয়ে পড়েন ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ‘এখানে তো বাংলাদেশ দল খেলেছে। ম্যাচ জিতেছে। একই উইকেটে ২০৫ রান হয়েছে। আরেকটায় ৯৭ রান । এটা টি-টোয়েন্টির জন্য উপযোগী উইকেট না, সেটা আগেই মেনে নিয়েছি। আমাদের ব্যর্থতা আছে। আমাদের দেখতে হবে এটা আরও ভালো করা যায় কীভাবে, তবে উইকেট জঘন্য নয়।’
























































