
ভিডিও কনফারেন্সে সৌদি প্রবাসীর সাথে বিয়ের পর প্রতারণার অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, তার স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে। ২০১৩ সালে বিয়ের পর ওই যুবকের কাছ থেকে চার বছরে ২৬ লাখ টাকাও নিয়েছে পরিবারটি। কিন্তু ছেলেটি বাড়ি ফিরলে তারা সব অস্বীকার করে। এরপর ছেলেটি মামলা করে পুলিশ গ্রেপ্তার করে তিনজনকে।
উত্তরের জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রাম থেকে সোমবার গভীর রাতে এদেরকে গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইমদাদুল হক, তার স্ত্রী রুবিনা বেগম ও মেয়ে শবনম মুস্তারী এমি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, এমির সঙ্গে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর মোহনা গ্রামের কাজী আয়াতুল্লার ছেলে সৌদি প্রবাসী যুবক কাজী হারুন সাগরের পরিচয় হয় ফেসবুকে। চার বছর আগে ভিডিও কনফারেন্সে বিয়ে পড়ানো হয় দুই জনের। এরপর নানা সময় সৌদি আরব থেকে এমির জন্য ২৬ লাখ টাকারও বেশি অর্থ পাঠিয়েছেন সাগর।
গত ১৫ ডিসিম্বর সাগর দেশে ফিরে ‘শ্বশুর বাড়ি’ আসলে এমি ও তার মা-বাবা বিয়ের কথা অস্বীকার করে। পরে ওই যুবক থানায় মামলা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণ হওয়ায় পুলিশ বাবা, মা ও মেয়েকে তাদের বাড়ি থেকে প্রেপ্তার করে।

















































