
ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের উখিয়ার কোটবাজারে বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ৬টার দিকে পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের ভ্যান গাড়ি আটকানোর চেষ্টা করলে পুলিশ নির্বিচারে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে পুলিশ।
রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন, সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়া দুঃখ জনক।
এধরনের অনাকাংখিত ঘটনা কারো জন্য কাম্য নয়। আগামীতে পুলিশ ও জনগণের মধ্যে ভুল বুঝাবুঝি না হয় সে ব্যাপারে সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটবাজার ষ্টেশনের দক্ষিণপাশে মসজিদ-পিনজিরকুল সড়কে প্রতিদিন রোহিঙ্গাদের ত্রান সামগ্রীর বাজার বসে। রোহিঙ্গা ক্যাম্প থেকে চাল,ডাল, কম্বল, সাবান, তৈল,চিনি,লবন,শাড়ি,লুঙ্গি, দুধ,টুথপেষ্টসহ নানা নিত্যপণ্য সামগ্রী সংগ্রহ করে কোটবাজারে প্রকাশ্য বেচা বিক্রয় করে আসছে।
সস্তায় এ সব নিত্যপণ্য ক্রয় করতে কোটবাজারে ক্রেতাদের ভিড় জমে। কোটবাজারের ওই সড়ক বার্মাইয়া বাজার হিসেবে সকলের কাছে পরিচিত।
স্থানীয় গ্রাম পুলিশের চকিদার জানান, উখিয়া থানার এক দল পুলিশ বুধবার দিনগত সন্ধ্যায় অতর্কিত অবস্থায় কোটবাজার বার্মাইয়া বাজারে হানা দেয়।
পুলিশ রোহিঙ্গাদের নিকট থেকে কিনে আনা ত্রান সামগ্রী, বিক্রির জন্য রাখা নিত্যপন্য জব্দ করে এবং ৪ জনকে আটক করে গাড়িতে তুলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় বিক্ষুদ্ধ জনতা ধাওয়া করে পুলিশের গাড়ি ব্যারিকেট দিয়ে জব্দকৃত মালামাল ও আটক ব্যাক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি একরামুল ছিদ্দিকের নেতৃত্বে উখিয়া থানার ওসি মো: আবুল খায়ের ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
স্থানীয় সচেতন জনগণ জানান,বাজারে নিত্যপন্য বিক্রি কালে পুলিশের অভিযান, মালামাল জব্দ ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আটক ঠিক হয়নি। পুলিশের উচিত রোহিঙ্গা ক্যাম্প থেকে ত্রান সামগ্রী আনার সময় অভিযান করা।উখিয়া থানার ওসি ঘটনার সত্যতা শিকার করে বলেন পুলিশের কাজে বাধাঁ দেওয়ার মামলা রুজু করা হয়েছে।























































