
আখেরি মোনাজাত শেষে ফেরার পথে টঙ্গীর রেলওয়ে স্টেশনে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে রেলিং ভেঙে ১০ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোনাজাতের পর ঢাকাগামী ইজতেমা স্পেশাল ট্রেনের বগিতে জায়গা না পেয়ে মুসল্লিরা ট্রেনের বগিতে উঠার চেষ্টা করেন। এসময় হুড়োহুড়ি করে উঠতে গিয়ে ইঞ্জিনের রেলিংটি ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হন।
তবে টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, আমার কাছে এখনো এমন কোনো রিপোর্ট আসেনি। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। আমি খোঁজ নিয়ে পরে জানাব।

স্টেশন মাস্টার বলেন, ইজতেমার মোনাজাত উপলক্ষে ১৯টি স্পেশাল ট্রেন চলাচল করছে আজকে। এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব।






















































