
পূর্বাশা ডেস্ক:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে চার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বোয়ালমারী জর্জ একাডেমি কেন্দ্রে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার শিক্ষকরা হলেন- ব্লাবন ঘোষ, রইচ উদ্দিন, সালমান মাহমুদ এবং শাহিন ফকির।
ওই কেন্দ্রে হল সচিব ও জর্জ একাডেমির প্রধান শিক্ষক এম.এ আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরীক্ষা শুরুর পরপরই চারজন শিক্ষক পরীক্ষার কক্ষে না গিয়ে শিক্ষকদের রুমে বসে প্রশ্ন কেন্দ্রের বাইরে পাঠানোর প্রস্তুতি নিয়েছিলেন। এসময় কেন্দ্র পরিদর্শক সুদীপ বিশ্বাস বিষয়টি আঁচ করতে পেরে তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছে দুইটি প্রশ্নের কপি ও হাতে লেখা প্রশ্নের উত্তরপত্র পাওয়া যায়।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলি জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রশ্নফাঁসের অভিযোগে চার শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার পরেই তাদের আদালতে পাঠানো হবে।






















































