পূর্বাশা ডেস্ক:
তাঁকে বলা হয় বলিউডের সবচেয়ে ব্যস্ত অভিনেতা। তাঁর শিডিউল পাওয়া বেশ কঠিন। অন্যদের চেয়ে অন্তত দ্বিগুণ কাজ করেন তিনি। অন্যরা যেখানে বছরে ১ বা ২টি প্রজেক্টে কাজ করেন, তিনি সেখানে করেন ৩ বা ৪টি প্রজেক্টে। তিনি অক্ষয় কুমার আর তাঁকে নিয়ে সর্বসম্প্রতি যে গুজবটি বলিউডে শোনা যাচ্ছে সেটি হলো, বিখ্যাত প্রযোজক এবং টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারকে নিয়ে নির্মিতব্য বায়োপিক ‘মোগুল’-এ তিনি অভিনয় করছেন না।
আর কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, গুলশান কুমারের জীবনের বিতর্কিত কয়েকটি অধ্যায় নিয়েই আপত্তি তুলেছেন ক্লিন ইমেজের এই অভিনেতা। আর এ কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন ভূষণ কুমার প্রযোজিত এই ছবিটি থেকে।
একটি সূত্র বলছে, আমরা স্পষ্ট নই বিষয়টি সম্পর্কে তবে এটুকু বলতে পারি, ছবিটি থেকে সরে গেছেন অক্ষয় কুমার। তিনি ছবিটির জন্য আগাম নেওয়া সাইনিং মানিও ফেরত দিয়েছেন।
বলিউডে গুঞ্জন, অক্ষয়ের ফিরিয়ে দেওয়া এই ছবিটিতে আসতে পারেন সালমান খান। তিনি হাতে নিতে পারেন এই বড় প্রজেক্টটি। যদিও এই গুঞ্জনের পক্ষে কোনো শক্ত যুক্তি দাঁড় করানো যায়নি।
এদিকে সালমানের ফিরিয়ে দেওয়া ছবিতে করণ জোহরের সাথে কাজ শুরু করছেন অক্ষয় কুমার। ছবির নাম কেশরী। অক্ষয়ের পরবর্তী প্রজেক্টগুলো হচ্ছে; ২.০, গোল্ড ও কেশরী।


























































