
ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের ভবিষ্যত যেন সুন্দর হয় সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বিশ্বমঞ্চে মর্যাদার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন তিনি।
সোমবার (২৬ মার্চ) সকালে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে আমাদের মর্যাদার সাথে এগিয়ে যেতে হবে। কারও কাছে হাত পেতে বা মাথা নিচু করে বাংলাদেশ আর চলবে না।
তিনি বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের ভবিষ্যত যেন সুন্দর হয় সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এজন্য শিশুদের বৃত্তি দেয়া হচ্ছে, স্কুল-কলেজ-ক্লাসরুম তৈরি করা হচ্ছে ও বিনমূল্যে বই দেয়া হচ্ছে।
শিশুরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তিতে আসক্ত না হয়, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে উল্লেখ করে শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময়, ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।
এর আগে, শিশু-কিশোর সমাবেশ পরিদর্শণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























































