
ডেস্ক রিপোর্ট :
রোহিঙ্গা ইস্যুতে ভরা মৌসুমে পর্যটকদের আনাগোনা কমে গেলেও সাপ্তাহিক ছুটি এবং স্বাধীনতা দিবসের ছুটিকে কেন্দ্র করে এখন পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আর এজন্য পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার। আর তাই প্রতি বছর ভরা মৌসুমে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। তবে রোহিঙ্গা ইস্যুর কারণে চলতি বছর অধিকাংশ সময় পর্যটক শূন্য ছিল কক্সবাজার। তবে শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্পটগুলোতে বাড়তে থাকে ভ্রমণপ্রিয় মানুষের ভিড়। প্রিয়জনকে নিয়ে সৌন্দর্য উপভোগে মেতে ওঠেন নানা বয়সী মানুষ।
একজন পর্যটক বলেন, ২৬ মার্চের ছুটি এবং শুক্রবারের ছুটি থাকায় ঘুরতে এসেছি। এসময় একটু গরম হলেও ভাল লাগে, অনেক মানুষ আছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, ছিনতাই, চুরি ইত্যাদি অপরাধ রুখতে সাদা পোশাকে পুলিশ রাখা হয়েছে।
এ অবস্থায় লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন হোটেল মালিক সমিতির নেতা।
হোটেল মালিক সমিতির মুখপাত্র আবু তালেব শাহ বলেন, রোহিঙ্গা ইস্যুর কারণে পর্যটক একটু ভীত থাকলেও তারা এখন এটা কাটিয়ে উঠছে।
হোটেল মালিকদের দেয়া তথ্য মতে, সাপ্তাহিক ও স্বাধীনতা দিবসের ছুটিকে কেন্দ্র করে গত ৩ দিনে কক্সবাজারে ভ্রমণে এসেছে লক্ষাধিক পর্যটক।






















































