বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোটাব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবে সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৪.২০১৮

জনপ্রশাসন মন্ত্রণালয়কে বর্তমান কোটাব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজকে কোনো সিদ্ধান্ত হয়নি, কিছুটা অনির্ধারিত আলোচনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে, দেখে এটা অবহিত করবে।

কোটায় নিয়োগের বিষয়ে ব্যাখ্যা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি যে পরিপত্র দিয়েছে, তারপরই নতুন করে এ আন্দোলন শুরু হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, পরিপত্রটা আমরা পরীক্ষা করে দেখব।

কোটার কারণে মেধাবীরা খুব বেশি বঞ্চিত হয়নি দাবি করে তিনি বলেন, ৩৩তম বিসিএসের ৭৭ দশমিক ৪০ শতাংশ পদ মেধা কোটা দিয়ে পূরণ করা হয়েছে। আর ৩৫তম বিসিএসে ৬৭ দশমিক ৪৯ শতাংশ এবং ৩৬তম বিসিএসে ৭০ দশমিক ৩৮ শতাংশ পদ মেধা থেকে পূরণ হয়েছে। মেধা কোটা কখনও অবহেলিত হয় না। মেধাটা আসলে… যেমন ধরুন মহিলা কোটা- মহিলা কোটায় যদি ১০টি পদ থাকে, এই ১০টির মধ্যে তারাই আসবে যারা লিখিত বা অন্যান্য সব ক্যাটাগরিতে ভালো করেছে, তারাই আসবে যারা উপরের দিকে আছে। মহিলাদের মধ্যে যারা মেধা তালিকায় ভালো করবে তারাই আসবে। এমন নয় যে যারা মেধাবী তারা অবহেলিত হয়ে যাচ্ছে, পিছনে পড়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, জেলা কোটার ক্ষেত্রেও তাই। জেলার মধ্যে যারা ভালো করবে তারা আসবে, প্রত্যেক সেক্টরেই মেধার মধ্যে যারা অগ্রসর তারাই আসবে, কোটার দ্বারা কিন্তু কারো মেধা ক্ষতিগ্রস্ত হবে না।

মুক্তিযোদ্ধা কোটায় যাখন যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না, তখন সেসব পদ অন্যভাবে পূরণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার সোজা সিদ্ধান্ত ছিল কোটাতে যদি যোগ্যপ্রার্থী পাওয়া না যায়, মেধা তালিকার শীর্ষে অবস্থানকারীদের দিয়ে তা পূরণ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কি না- এ প্রশ্নে শফিউল বলেন, পরিপত্রটি আমরা পরীক্ষা করব।… পদ না পাওয়া গেলে মেধা তালিকার উপরের দিকে যারা আছে তাদের দিয়ে পূরণ করা হবে, এটাও তো সংস্কার। একটা সংস্কার অলরেডি হয়ে গেছে। সার্কুলার দিয়ে কোটা চলছে, সার্কুলার সংশোধন করা হয়েছে। এতে কিন্তু মোধাবীরা যথেষ্ট স্কোপ পাচ্ছে বলে আমাদের ধারণা। কোটার কারণে যারা মেধাবী তারা খুব বেশি বঞ্চিত হয়নি।

বর্তমানে দেশে পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য। প্রতিবন্ধী এক শতাংশ, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ও জেলা কোটা ১০ শতাংশ করে। সব মিলিয়ে কোটার জন্য বরাদ্দ ৫৬ শতাংশ। ফলে এর কোনো শ্রেণিতে যারা পড়েন না, তাদের প্রতিযোগিতা করতে হচ্ছে বাকি ৪৪ শতাংশের জন্য।

পূর্বাশানিউজ/ ০৯ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি