সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পুলিশের উপর হামলা চালিয়ে ২ আসামী ছিনতাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় পুলিশের উপর হামলা চালিয়ে সাদ্দাম ও ইউনুস নামের দুই আসামীকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সোয়া ৭টার দিকে জেলার মনোহরগঞ্জ উপজেলার সরষপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় ২ এসআই, ৩ এএসআইসহ ৬ পুলিশ আহত হয়েছে। খবর পেয়ে ছিনিয়ে নেয়া আসামীদের আটক করতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ৭টার দিকে একটি হত্যাসহ একাধিক মামলার আসামী সাদ্দাম ও ইউনুসকে গ্রেফতার করতে মনোহরগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সরষপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সাদ্দাম ও ইউনুসকে আটকের পর তাদের লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে দুই জনকে ছিনিয়ে নেয়। ওই হামলায় থানার ২ এসআই, ৩ এএসআইসহ ৬ পুলিশ আহত হয়।

তবে ২ আসামী আটকের বিষয়টি অস্বীকার করে মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন রাত সাড়ে ১০টায় মুঠো ফোনে জানান, ‘আসামীদের আটক করা সম্ভব হয়নি। আটকের আগেই তাদের লোকজন পুলিশের উপর চড়াও হয়। এতে থানার এসআই হাবিব ও এএসআই মাসুদ সরকারসহ অভিযানে অংশ নেয়া সঙ্গীয় পুলিশ সদস্যরা কিছুটা আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে ছিনিয়ে নেয়া আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানিয়েছেন।

পূর্বাশানিউজ/ ২৩এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি