
ডেস্ক রির্পোট:
চলতি মৌসুমে সাতক্ষীরা জেলার তালা উপজেলার আম ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় অপরিপক্ক আম পেড়ে রাসায়নিক প্রক্রিয়ায় পাকিয়ে বাজারজাত করার অভিযোগ উঠেছে।
জানা যায়, একমাত্র গোপালভোগ আম ব্যাতিত অন্যান্য প্রজাতির আম এখনও পাকার মতো পরিপক্ক না হলেও ইথ্রিন নামক কেমিক্যাল ও কারবাইডের মাধ্যমে অপরিপক্ক আম পাকিয়ে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। ফলে আমের সাথে ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মানব দেহে প্রবেশ করে সুস্থ্য মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হলেও এসকল অনৈতিক কার্যক্রম তদারকিতে কোন প্রশাসনিক নজরদারি নেই বললেই চলে।
সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫ বৈশাখের পরে আমপাড়া শুরু করার কথা থাকলেও আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে নির্দিষ্ট ওই সময়ে একমাত্র গোপালভোগ আম ছাড়া অন্যান্য প্রজাতির আম পরিপক্ক হতে এখন আরো বেশি সময় লাগে। কিন্ত বাস্তবসম্মত পরিস্থিতি বিবেচনায় না এনে গোপালভোগ আমের সাথে অন্যান্য প্রজাতির অপরিপক্ক আমও পাড়া হচ্ছে ইচ্ছেমতো।
এবিষয়ে স্থানীয় কয়েকজন আম ব্যবসায়ীর সাথে কথা বললে তারা বলেন, আমরা সরকারি অনুমতি সাপেক্ষে আম পেড়ে বাজারজাত করছি। কিন্ত সংশ্লিষ্ট বিভাগ বলছে ভিন্ন কথা।
উপজেলা কৃষি কর্মকর্তা শামছুল আলম বলেন, আম পাড়ার বিষয়ে প্রতিবছর সংশ্লিষ্ট বিষয়ে সভা আহ্বান করে অনুমতি দেয়া হয়। কিন্ত এবছর এখনও অনুমতি দেয়া হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন বলেন, চলতি বছর এখনও আম পাড়ার অনুমতি দেয়া হয়নি। খাদ্য দ্রব্যের সাথে বিষ মেশালে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।


















































