
ডেস্ক রিপোর্ট: ভারতে পাঞ্জাব ব্যাংকের সাড়ে ১৩ হাজার কোটি রুপি জালিয়াতি মামলায় অভিযুক্ত কোটিপতি হীরক ব্যবসায়ী নীরব মোদি ও তার পরিবারের ৬৩৭ কোটি রুপির সম্পদ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ভারত সহ ৫টি দেশ থেকে তাদের এসব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে নিউ ইয়র্কে নীরব মোদির মালিকানায় ২১৬ কোটির দুটি স্থাবর সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বাজেয়াপ্তের মধ্যে আরো রয়েছে ওভারসিজ ব্যাংকের নীরব মোদির ৫টি এ্যাকাউন্ট। সেখানে রয়েছে মোদির ২৭৮ কোটি রুপি। তালিকায় রয়েছে দক্ষিণ মুম্বাইয়ে মোদির সাড়ে ১৯ কোটি টাকার ফ্লাট। হংকং থেকে নীরবের ২২ কোটি ৬৯ লাখ টাকার হীরার গহনা ফেরত আনা হয়েছে।
এর আগে হাতে গোনা কয়েকটি ফৌজদারি মামলায় বিদেশে সম্পদ বাজেয়াপ্ত করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তবে গত মাসে বিদেশে কম করে হলেও ৪ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তার সব সম্পত্তি তালিকাভুক্তি করা হচ্ছে। একই মামলায় আদিত্য নানাবতীকে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। পাঞ্জাব ব্যাংক কেলেঙ্কারীর মামলায় অন্যতম অভিযুক্ত মূল আসামী নীরব মোদি ও তার কাকা মেহুল চোকসি।
























































