সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেন ওয়ার্নের কাছে স্বার্থপর নেতা স্টিভ ওয়াহ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: নিজের প্রকাশিতব্য বইয়ে স্টিভ ওয়াহকে নিয়ে অনেক বোমা ফাটাতে যাচ্ছেন কিংবদন্তী অস্টেলিয় লেগস্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার সাবেক সফল এ অধিনায়ককে ওয়ার্ন বলছেন ‘স্বার্থপর’। তাছাড়াও আরো স্পর্শকাতর বিষয় বইয়ে লিপিবদ্ধ করেছেন ওয়ার্নি।

স্টিভ ওয়াহর সঙ্গে ওয়ার্নের সম্পর্ক খারাপ অনেক আগে থেকেই। শেন ওয়ার্ন আবারও নতুন করেই সেই বাজে সম্পর্কের বিভিন্ন দিক সামনে আনতে যাচ্ছেন তার প্রকাশিত হতে যাওয়া বইয়ে। সেই বইয়ের কিছু চুম্বক অংশ আগেভাগেই বাজারে ছেড়ে তার আগমনী বার্তাটাও দিয়ে রাখছেন জোরের সঙ্গেই।

প্রকাশিতব্য বইয়ে ওয়ার্ন স্টিভ ওয়াহকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে তিনি বলছেন ‘স্বার্থপর’ নেতা। ১৯৯৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের চতুর্থ টেস্টে তার বাদ পড়ার পেছনে ওয়াহর ভূমিকার কথাও তিনি লিখেছেন বিশদভাবেই।

প্রায় ১৯ বছর আগে স্টিভ ওয়াহর নেতৃত্বাধীন অস্ট্রেলীয় ক্রিকেট দলের দোর্দ- প্রতাপ নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। কিন্তু মাঠের লড়াইয়ের নেপথ্যে দলটির ড্রেসিংরুমে যে অধিনায়ক ও সহ-অধিনায়কের ঠান্ডা লড়াই চলত, ওয়ার্ন তার নতুন বইয়ে সে ব্যাপারে লিখেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের চতুর্থ টেস্টে ওয়ার্নকে ওয়াহ বাদ দিয়েছিলেন ‘গাট ফিলিং’ থেকে। সে সময়কার নির্বাচক অ্যালান বোর্ডার ও কোচ জিওফ মার্শ ওয়ার্নকে দলে রাখার পক্ষে থাকলেও ওয়াহ প্রায় জেদ করেই নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন। বইয়ের ওয়ার্ন লিখেছেন, ওয়াহর সেই আচরণে খুবই কষ্ট পেয়েছিলেন তিনি।

ওয়াহ অস্ট্রেলীয় ক্রিকেট দলের বিভিন্ন সংস্কৃতির প্রচলন করেছিলেন, যেগুলো ওয়ার্ন কখনোই পছন্দ করেননি। ওয়ার্নকে কোনো দিনই অস্ট্রেলীয় টেস্ট দলের প্রতীক সেই বিখ্যাত ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ পড়তে দেখা যায়নি। এ ব্যাপারে ওয়াহ অনেক সময়ই ওয়ার্নের সঙ্গে মুখোমুখি হয়েছেন, কিন্তু সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার সেটি পড়েননি। এ ব্যাপারে ওয়ানের্র যুক্তি সোজাসাপ্টা, ‘অস্ট্রেলীয় ক্রিকেট দলে সে সময় অনেকেই ব্যাগি গ্রিন পরাকে রীতিমতো উপাসনার পর্যায়ে নিয়ে গিয়েছিল। আমার সেসব মোটেও ভালো লাগত না। আমি অস্ট্রেলীয় ক্রিকেট দলে খেলছি, এই গৌরবের ব্যাপারটি ব্যাগি গ্রিন ক্যাপ পরে কেন জানান দিতে হবে, আমার মাথায় সেটি কিছুতেই ঢুকত না।’

ওয়াহকে ‘স্বার্থপর’ বলেছেন ওয়ার্ন, ‘অধিনায়ক হওয়ার পর থেকে সে কেমন যেন বদলে গিয়েছিল। সবাইকে অযাচিত উপদেশ দিতে আসত। আমাকে সে অনেকবারই জীবনের বিভিন্ন দিক, কোনটি সঠিক, কোনটি ভুল- এসব বিষয়ে জ্ঞান দিতে এসেছে। আমার মোটেও এসব ভালো লাগেনি। আরে, এটা তো আমার জীবন, আমি জানি কীভাবে কাটাতে হবে। ওয়াহ মূলত ছিল একটা স্বার্থপর মানুষ, যে নিজের ব্যাটিং গড়কে ৫০ রাখার বাইরে কোনো কিছুই ভাবতে পারত না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি