মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অনূর্ধ্ব-১৫ সাফে কিশোরদের লক্ষ্য সেমিফাইনাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কিশোরদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। নীলফামারিতে কিশোরদের আড়াই মাসের কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচে সন্তুষ্ট কোচ পারভেজ বাবু। ডিফেন্স ও মিডফিল্ড আগে থেকেই শক্তিশালী। তবে দূর্বল থাকা ফরোয়ার্ডদের সাম্প্রতিক পারফর্ম্যান্সে তাদের ওপর আস্থা রেখেছেন কোচ। এদিকে, মেয়েদের বয়সভিত্তিক দলের সাফল্যকে অনুপ্রেরণা নেয়ার পরামর্শ দিয়েছে বাফুফে।

আগামী ২৫ অক্টোবর নেপালে শুরু হবে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ছাড়াও এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও মালদ্বীপ। এছাড়া ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গী ভূটান। আসরকে সামনে রেখে আড়াই মাসের প্রস্তুতি নিয়েছে জুনিয়র লাল-সবুজের দল।

বয়সভিত্তিক টুর্নামেন্টে সমীহ জাগানিয়া দল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ সাফেও অন্যতম ফেভারিট। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ পারভেজ বাবু। প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে ধারণা নেই। তবে, উঠতি ফুটবলারদের নিয়ে আশাবাদী তিনি।

গত অনূর্ধ্ব-১৬ সাফে সেমির গন্ডি পেরুতে পারেনি বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ নিতে পারেনি কিশোররা। এবার মিতুল-হৃদয়দের ওপর আস্থা রাখছেন কোচ।

বয়স ভিত্তিক আসরে নিয়মিত সাফল্য পাচ্ছে মেয়েরা, মিলছে সংবর্ধনা, পাচ্ছে আর্থিক সম্মাননা। ওদের থেকে অনুপ্রেরণা নিতে বলছে টিম ম্যানেজমেন্ট। ২৭ অক্টোবর মালদ্বীপের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার একদিন পরই নেপালকে মোকাবেলা করবে লাল-সবুজের দল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি