
ডেস্ক রিপোর্ট:পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের মুলাদীতে আওয়ামী লীগ নেতার পা ভেঙে দিয়েছে যুবলীগ নেতা। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার কাজীরহাট বাজারে এ ঘটনা ঘটেছে।
আহত মুলাদী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন হাওলাদার ও ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন মোল্লাকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মুলাদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জুলহাস সরদারের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে অতর্কিত এ হামলা চালায়। এ ঘটনায় মুলাদী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন হাওলাদারের পা ভেঙে যায়।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হাওলাদার জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুকে ঘটনাটি জানানো হয়েছে। তিনি বিষয়টি দেখবেন।
সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জুলহাস সরদার জানান, মিজান মোল্লা ও সাদ্দাম পক্ষের সংঘর্ষের ঘটনা শুনেছি। ওখানে যুবলীগের কোন নেতাকর্মী সম্পৃক্ত ছিল না।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন হাওলাদারের ডান পায়ের গোড়ালিতে ফ্যাকচার হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






















































