বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘আওয়ামী লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ ডাইনামিক পদক্ষেপ’


‘আওয়ামী লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ ডাইনামিক পদক্ষেপ’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের উদ্যোগ ডাইনামিক পদক্ষেপ বলে মনে করেন ঢাকায় মার্কন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি বলেন, ‘এই পদক্ষেপ যদি সফল হয়, তাহলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বার্নিকাট বলেন, বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি। আমি এ দেশকে খুব মিস করব। কাজের বাইরেও এ দেশে আমি আন্তরিকতা পেয়েছি।

আজ দিনের শুরুতেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বার্নিকাট। সাক্ষাৎকালে আসন্ন নির্বাচন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

সেখান থেকে ফিরে রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সেগুনবাগিচায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি। এছাড়া ধানমন্ডির মাইডাস সেন্টারে ২টা ৩০ মিনিটে রাষ্ট্রদূত বার্নিকাট বিদায়ী সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন।

কাল প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। পরদিন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক তার সম্মানে একটি ভোজের আয়োজন করছেন। মূলত এটিই হবে তার বিদায়ী ভোজ। ২ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি