মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোচের অবসরের বয়স কখন হয়- প্রশ্ন ক্যাসিয়াসের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ যে কোনো খেলোয়াড়েরই ফর্ম পড়ে গেলে সবারই প্রশ্ন জাগে তার কি বয়স হয়ে গেলো, সে কি অবসরে যাবে? কিন্তু খেলোয়াড়দের গুরু অর্থাৎ কোচেদের ক্ষেত্রে এ ধরনের প্রশ্ন কখনও করা হয় না। তবে এবার সে রকমই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। তাও সেটা আবার সাবেক গুরু হোসে মরিনহোকে নিয়ে।

আসলে সময়টা ভালো যাচ্ছে না মরিনহোর। লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে হার তার সময়টাকে আরও কঠিন করে তুলেছে। কিন্তু তার সময়টা তো খারাপ যাচ্ছে মৌসুমজুড়েই। পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান ছয়ে। ১৭ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট আর গোল ব্যবধান শূন্য। প্রথম ১৭ ম্যাচ শেষে এমন বাজে অবস্থার মুখোমুখি হতে হয়নি গত ২৭ বছরে। ১৯৯০-৯১ মৌসুমে শেষবার স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ষষ্ঠ স্থানে থেকেই লিগ শেষ করতে হয় ইউনাইটেডকে। তবে মরিনহোর কথা বলার ধরন দেখে কে বলবে, তার দলের অবস্থা এতটা বাজে?

রিয়াল মাদ্রিদে মরিনহোকে কোচ হিসেবে পেয়েছিলেন সাবেক স্প্যানিশ গোলরক্ষক। ২০১২ সালে একটা চোটে পড়েছিলেন। এরপর ফর্ম পড়তে থাকে ক্যাসিয়াসের। সে সময় ক্যাসিয়াসকে বাদ দিয়ে অ্যান্তোনিও আদানকে নিয়মিত করেন মরিনহো। এমনকি ক্যাসিয়াসকে পাকাপাকিভাবে বাদ দিয়েও দেন দল থেকে। দলের অধিনায়ক হয়েও দলে থাকতেন না ক্যাসিয়াস, এমনকি দলের মধ্যে নাকি বিভক্তি তৈরি করেছিলেন পর্তুগিজ কোচ। ফলে মরিনহোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন অনেকেই।

সে সময়ের কথাই মনে করেছেন ক্যাসিয়াস, ‘যদিও তৃতীয় বছরে আমরা অনেক কিছু জিতেছিলাম। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল, কিন্তু দলের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। দলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করেছিল। আর কিছুদিন করলে আমি ছাড় দিতাম না। আমি তার বিরুদ্ধে প্রয়োজনে ‘বুল ফাইটিং’ এ নামতাম।’

পালটা জবাব দিতে ওস্তাদ মরিনহো বসে থাকবেন কেন? তিনিও পাল্টা জবাব দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ককে। সংবাদ সম্মেলনে সরাসরি বলে বসলেন, ‘সাক্ষাৎকার পড়ে মনে হলো এমন একজনের সঙ্গে কথা বলছে, যে অবসরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।’ ইকার ক্যাসিয়াস যেন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তার এই জবাবে মরিনহো বড় ধরনের ধাক্কাই খাবেন, লিভারপুলের সঙ্গে হার সে রকমই একটা ধাক্কা।

তাই হারের সঙ্গে সঙ্গে টুইট করলেন, ‘পর্তুগালের কোনো এক পত্রিকায় কেউ একজন বলেছেন, আমার নাকি বয়স হয়ে গেছে। আমার অবসরের সময় চলে এসেছে। মানছি আমার বয়স হয়ে গেছে। কিন্তু সেই পত্রিকার কাছে প্রশ্ন, কোচদের ক্ষেত্রে কী দেখে কিংবা কী করলে বুঝতে পারব যে সে কোনো দলকে কোচিং করানোর শেষ প্রান্তে চলে এসেছে?’

মরিনহোর সময় ভালো না গেলেও ক্যাসিয়াসের কিন্তু দারুণ সময় যাচ্ছে। নীরবে কয়েক বছর আগে যখন রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন, সবাই ভেবেই নিয়েছিল সময় শেষ ইকার ক্যাসিয়াসের। কিন্তু কিছুদিন আগেই লোকোমোটিভ মস্কোর ম্যানুয়েল ফার্নান্দেসের এক পেনাল্টি ঠেকিয়ে চ্যাম্পিয়নস লিগে মোট আধা ডজন পেনাল্টি আটকানোর কীর্তি গড়লেন, যে রেকর্ড নেই আর কারও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি