রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


আ.লীগের বিজয় উৎসব : যানবাহন চলবে না যেসব রাস্তায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

আগামী শনিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে ‘বিজয় উৎসব’ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। সেদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থাকবে নেতাকর্মীতে মুখরিত। ওই দিন ভোর থেকেই অনুষ্ঠানে ঢাকা শহরসহ আশপাশের এলাকার নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে বাস, ট্রেন ও লঞ্চযোগে গণজমায়েত হবেন। সোহরাওয়ার্দী উদ্যানের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও আশপাশের এলাকায় যান চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সকালে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এ বার্তায় এসব নির্দেশনা দেয়া হয়।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, ওই দিন অনুষ্ঠান চলাকালীন শাহবাগ থেকে মৎস ভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নির্দেশনায় সমাবেশে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণের গাড়ি, বাস তিনটি পয়েন্টে পার্ক করতে নির্দেশ দিয়েছে ডিএমপি-

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ও নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং করা যাবে।

২. মতিঝিল, গুলিস্তানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা যাবে।

৩. বাসসমূহ মতিঝিল-গুলিস্তান এলাকায় পার্কিং করা যাবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করা যাবে।

যেসব স্থান থেকে পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন-

গাবতলী থেকে আগতের জন্য

গাবতলী, মিরপুর রোড হয়ে আগত ব্যক্তিবর্গ সায়েন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে পায়ে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন। এবং তাদের বাসসমূহ বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এক লাইনে পার্কিং করবেন।

উত্তরা থেকে আগতের জন্য উত্তরা থেকে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী- মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি ক্রসিং- নাইটেংগেল-পল্টন মোড়-জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার-বাড্ডা-গুলশান-রামপুরা রোড-মৌচাক ফ্লাইওভার-মালিবাগ-শান্তিনগর- রাজমনি ক্রসিং-নাইটেংগেল হয়ে পল্টনমোড়/জিরোপয়েন্ট হয়ে আগত ব্যক্তিবর্গ পল্টন মোড়/জিরো পয়েন্টে নেমে পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন।

পূর্বাঞ্চল থেকে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল থেকে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে আগত ব্যক্তিবর্গ গুলিস্তানে নেমে পায়ে হেঁটে জিরোপয়েন্ট-দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন এবং তাদের বাসসমূহ মতিঝিল/গুলিস্তান এলাকায় পার্কিং করবেন।

যারা মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চানখাঁরপুল হয়ে আসবেন তারা চানখাঁরপুল নেমে পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবেন।

বাবুবাজার ব্রিজ হয়ে আগত ব্যক্তিবর্গ গোলাপশাহ মাজারে নেমে পায়ে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন। এ ছাড়া অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিবর্গের গমনাগমন উপলক্ষে ওই দিন ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন যেমন- বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কাটাবন, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার, চানখাঁরপুল, গোলাপশাহ মাজার, জিরোপয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন দেয়ার প্রয়োজন পড়তে পারে।

অনুষ্ঠানে আগত ব্যক্তিদের কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলিব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করতে নির্দেশ দিয়েছে ডিএমপি। সর্বসাধারণকে অনুষ্ঠানস্থল এবং এর আশপাশের এলাকা দিয়ে ভারী/হালকা যানবাহনসহ গমনাগমন পরিহার করার জন্য বিনীত অনুরোধ করেছে ডিএমপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি