
ডেক্স রিপোর্টঃ জাতীয় নির্বাচন সামনে রেখে কলকাতায় এসে পশ্চিমবঙ্গে সরকার বদলের ডাক দিয়েছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রীতিমতো চ্যালেঞ্জের সুরে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে শনিবার দুর্গাপুরের জনসভায় মোদি বলেন, ‘লিখে রাখুন আগামী ভোটে আর মমতা সরকারের বিদায় নিশ্চিত।’ একই সঙ্গে সীমান্ত লাগোয়া বনগাঁয় মতুয়াদের সভায় তিনি বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব হিন্দু এসেছেন তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার জন্য বিল আনা হয়েছে।
সেই বিলকে যেন তৃণমূল সমর্থন করে।’ মোদি বলেন, ভারত স্বাধীন হওয়ার সময় দেশ টুকরো টুকরো হয়েছে। জীবনের তাগিদে মানুষ এসেছেন এ দেশে। কেউ এসেছেন আফগানিস্তান থেকে। কেউ এসেছেন পাকিস্তান ও বাংলাদেশ থেকে। কিন্তু তাদের কি এ দেশে থাকার অধিকার নেই? আপনারই বলুন তারা কোথায় যাবে? তাদের অধিকার প্রতিষ্ঠা করতেই নাগরিক আইন করতে চাইছে সরকার।
এদিকে মোদির ভাষণের পাল্টা জবাব দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় বলেছেন, ‘লোকসভা ভোটে বাংলায় ৪২টির মধ্যে দুটি আসন ছিল বিজেপির, এবার শূন্য পাবে। দেশকে ধ্বংস করে এখন প্রধানমন্ত্রী এসে নতুন করে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। মানুষ মোদির প্রতিশ্রুতিতে ভুলবে না, এবার দিল্লি থেকে বিদায় নেবেই নেবে বিজেপি। আর মাত্র এক মাস প্রধানমন্ত্রী আছেন মোদি, ওনার সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে।’
এদিন মোদির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও পশ্চিমবঙ্গের উত্তরাংশ তথা বাংলাদেশের রংপুরের লাগোয়া কোচবিহার ও ফালাকাটায় দুটি জনসভা করেন। সেখানে মমতাকে আক্রমণ করে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার জমি যোগাড় করে দিচ্ছে না বলে সীমান্তের অবশিষ্টাংশে কাটাতারের বেড়া দেয়া হচ্ছে না।’
তৃণমূলের সমালোচনা করে মোদি বলেন, ‘দিদি নিজে জানেন এ রাজ্যে কীভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে। তাই আমি ভেবেছিলাম তিনি সেই রাস্তায় হাঁটবেন না। কিন্তু তিনিও সেই রাস্তায় হেঁটে প্রতিদিন গণতন্ত্র হত্যা করছেন।’
খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গি গ্রেফতার : ইমাম সেজে দক্ষিণ ভারতের কেরলের এক মসজিদে আত্মগোপন করে কাজ চালাচ্ছিল জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের কুখ্যাত জঙ্গি আবদুল মতিন। সে ডেরা খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। জঙ্গি কওসর ওরফে বোমারু মিজানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরে বুধবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মতিনকে গ্রেফতার করে।
আসামের বাসিন্দা মতিন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা কওসরদের সঙ্গে খাগড়গড়ে জঙ্গি কার্যকলাপে জড়িত ছিল বলে জানিয়েছে এনআইএ। বর্ধমানের সিমুলিয়ার জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয় মতিন। আট দিনের ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আনা হচ্ছে।
খাগড়াগড়ের বিস্ফোরণের পর থেকেই পশ্চিমবঙ্গের বর্ধমান ছেড়ে পালিয়ে কেরল পৌঁছায়। সেখানে স্থানীয় একটি গোষ্ঠীর কাছে আশ্রয় নেয়। তার সঙ্গে যোগাযোগ ছিল জেএমবির অন্য নেতাদের। জেএমবির অন্য দুই অভিযুক্ত মুস্তাফিজুর রহমান ও আবদুল করিম আগেই পালিয়ে কোট্টাক্কাল নামে একটি এলাকায় পৌঁছে। সেখানে ছোট ব্যবসায়ীদের সঙ্গে মিশে তারা কাজ করছিল।
খবর পেয়ে বুধবার রাতে মতিনকে কেরলের মলপ্পুরমের এরাভান্না এলাকা থেকে গ্রেফতার করা হয়। মলপ্পুরমের জেলা পুলিশ প্রধান প্রথিশ কুমারের বিশেষ দল ছদ্মবেশে থাকা মতিনকে ধরতে সাহায্য করে। মাঞ্জেরি সীমান্তের কাছে এরাভান্না এলাকার একটি মসজিদে কয়েক মাস ধরে ইমাম পরিচয়ে লুকিয়ে ছিল মতিন।
২০১৪ সালের ২ অক্টোবর অষ্টমীর দিন বিস্ফোরণের ঘটনা ঘটে। তার পর থেকেই এনআইএ তৎপর হয়। তদন্ত শুরু করে একে একে ধরতে থাকে জড়িতদের। বছর দুয়েক আগে মহম্মদ ইউসুফ ধরা পড়ে কলকাতা পুলিশের হাতে। এক বছরের মধ্যে কওসর ধরা পড়ে এনআইএ’র জালে।
কওসরই শেষে জেরায় তার বাকি দুই সঙ্গীর নাম বলে দেয়। আরামবাগে গাঢাকা দেয়ার সময়ই ধরা পড়ে কদর ও হাবিবুর। শেষে বুধবার রাতে কেরল থেকে ধরা পড়ল ইমাম ছদ্মবেশী মতিন।
























































