ডেস্ক রিপোর্টঃ মালয়েশিয়ায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। পুলিশের ভাষ্য, নিহতরা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। গত মঙ্গলবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তাদের মৃত্যু হয়। এ দুজন বাংলাদেশি শ্রমিকদের অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করত। তবে তাদের পরিচয় তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কুয়ালালামপুর পুলিশের প্রধান মাজলান লাজিম এক বিবৃতিতে বলেন, গত ১৩ জানুয়ারি স্থানীয় পাসার পুদু এলাকায় এক বাংলাদেশি খুন হয়। এরপর পুলিশ ওই দুজনের সন্ধানে নামে। তদন্ত করে দেখা যায়, এ দুজন একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য এবং মুক্তিপণ হিসেবে তারা এ পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়) হাতিয়ে নিয়েছে।
মাজলান লাজিম বিবৃতিতে আরো বলেন, সর্বশেষ তারা কুয়ালালামপুরের জালান ইপোহ এলাকা থেকে এক বাংলাদেশিকে অপহরণ করে ৪০ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়) মুক্তিপণ দাবি করে। এরপর পুলিশ জানতে পারে, অপহৃত ব্যক্তিকে নিয়ে ওই দুজন সিলানগর প্রদেশের তামান মুদুন এলাকার একটি বাড়িতে অবস্থান করছে। সেখানে অভিযানে গেলে ওই দুই অপহরণকারী পুলিশকে লক্ষ্য গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে মৃত্যু হয় তাদের। মাজলান লাজিম জানান, অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। এ ছাড়া অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় দুই ব্যক্তিকে। ঘটনাস্থলে একটি পিস্তল পাওয়া গেছে বলেও জানান তিনি।

























































