ডেস্ক রিপোর্টঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের দোয়েল চত্বর এলাকায় এক পুলিশ কনস্টেবল ‘বন্দুকের বাট’ দিয়ে তাদের আঘাত করেন এবং অপর একজন সেই ঘটনার ভিডিও করছিলেন বলে আহত শিক্ষার্থীদের অভিযোগ। এ ঘটনায় সাইফুল্লাহ ও মামুন নামের ওই দুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। তার প্রেক্ষিতে এই দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আহত শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুয়েল রানা, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের কামরুল হাসান ও পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে খাজা ইরফানুল হক। তারা সবাই শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র।























































