বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরে তৃষা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৯

যশোরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী তৃষাকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও লাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের ধর্মতলায় যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে শত শত নারী পুরুষ ও শিশু শিক্ষার্থীরা অংশ নিয়ে সড়ক অবরোধ করে খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে স্লোগান দেন।

প্রসঙ্গত, রবিবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে খেলতে বের হয় শহরের কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তৃষা। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি গর্ত দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। গর্তটি খোঁড়া হলে সেখানে তৃষার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তৃষার বাবা মামলা করেছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, তৃষাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে দাবি করে ওসি বলেন, তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি