সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লজ্জার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৯


স্পোর্টস ডেস্ক:

দলে আছেন ক্রিস গেইল, শেমরন হেটমায়ার, কার্লোস ব্রাফেট, নিকোলাস পুরানের মতো মারকুটে ব্যাটসম্যানরা। দল হিসেবেও ওয়েস্ট ইন্ডিজ সাম্প্রতিককালে টি-টোয়েন্টিতেই সবচেয়ে সফল এবং প্রতিপক্ষের জন্য ভয়ংকর। কিন্তু শুক্রবার রাতে সেন্ট কিটসে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সেই দলটাই লজ্জার রেকর্ড গড়ল। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে গেছে ক্যারিবিয়ানরা। স্বাগতিকদের ১৩৭ রানে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা।

সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড মাত্র ২৭ রানে দুই উইকেট হারিয়ে ফেলে। কিন্তু জো রুট ও স্যাম বিলিংসের পাল্টা আক্রমণের মারমুখী ব্যাটিংয়ে ১৮২ রানের বড় স্কোর পেয়ে যায়। ৪০ বলে ৫৫ রান করেন রুট। তবে ৪৭ বলে ১০টি চার ও তিন ছক্কায় ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বিলিংস।

জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ এভাবে বিপর্যস্ত হবে, এটা কেউ হয়তো কল্পনাও করেনি। ইংলিশ বোলারদের তোপে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৫ রানে অলআউট হয়ে যায় গেইলরা। পাশাপাশি কোনো টেস্ট খেলুড়ে দলের ৬০ রানের নিচে গুটিয়ে যাওয়ার প্রথম নজিরও গড়ে তারা।

টি-টোয়েন্টিতে এর চেয়ে কম রানে আউট হওয়ার নজির আছে আর মাত্র একটি। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। ক্যারিবিয়ানরাও সেই লজ্জার কাছাকাছি চলে গিয়েছিল। নবম ব্যাটসম্যান হিসেবে শেলডন কটরেল যখন আউট হন তখন দলের রান ৩৯। শেষ উইকেট জুটিতে দেবেন্দ্র বিশু ছয় রান করে বড় লজ্জা থেকে বাঁচান দলকে। ক্যারিবিয়ানদের মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেন। দুই ওভারে মাত্র ছয় রান খরচায় চার উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস জর্ডান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি