শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাবলে ভুল হবে,অনন্তকাল ভুগব


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট: ‘যথেষ্ট হয়েছে, আর সহ্য করা হবে না।’ এভাবেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে কড়া হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারত অনন্তকাল ধরে সন্ত্রাসে ভুগবে, এটা ভাবলে ভুল হবে।

তার দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার কারণ হিসেবে মোদি প্রতিবেশী দেশের অবন্ধুসুলভ আচরণ ও অদক্ষতা এবং নিজ দেশের বিরোধীদের ষড়যন্ত্রচেষ্টাকে দুষেছেন।

বিরোধীরা বলছেন, লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে সম্প্রতি সন্ত্রাসবাদবিরোধী অভিযানের মধ্য দিয়ে জনগণের আস্থা ও ভোটারের মন কাড়ার চেষ্টা করছেন মোদি।

পুলওয়ামা হামলার জবাবে সরকারি বাহিনী যে পাকিস্তানের ভেতর বিমান হামলা চালিয়েছে, সে বিষয়েও বিরোধীদের সন্দেহ প্রবল।

এমনকি গতকাল মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার প্রেসিডেন্ট রাজ থাকরে বলেছেন, মানুষের মন ভোলাতে এবং বিভাজনের বিতর্ক থেকে দৃষ্টি সরাতে নির্বাচনের আগে আগে আরেকটি সার্জিক্যাল স্ট্রাইক চালাবে বিজেপি সরকার। গতকাল মোদি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক জনসভায় ভাষণ দেন।

পুলওয়ামা ও উরি হামলা বিষয়ে তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে। আমরা অনন্তকাল ধরে ভুগতেই থাকব, এটা ভাবা ঠিক নয়।’ এর আগেও সন্ত্রাসবিরোধী অভিযানে নিজের শক্ত অবস্থানের কথা বলেছেন মোদি। গত সপ্তাহে তিনি বলেছেন, সন্ত্রাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হত্যা করা হবে। ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলা চালায়। এতে ভারতের আধাসামরিক বাহিনীর অন্তত ৪০ জওয়ান নিহত হন। এর পরই মোদি তার সশস্ত্র বাহিনীকে পূর্ণ ছাড়পত্র দিয়ে বলেন, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা বদলা নেওয়া হোক।

সেই নির্দেশনা অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জইশের আস্তানায় বিমান হামলা করে ভারত। নয়াদিল্লির দাবি, ওই হামলায় শতিনেক জঙ্গি নিহত হয়েছেন। অবশ্য ইসলামাবাদ এ দাবি অস্বীকার করেছে। পুলওয়ামা ইস্যুতে দুই দেশই নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে নিজেদের রাষ্ট্রদূতকে নিজ দেশে ডেকে পাঠিয়েছিল। গতকাল তারা আবার নিজ নিজ কার্যালয়ে ফিরেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি