
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণের শুরুতেই ভোটারদের ফুল দিয়ে ভোটকেন্দ্রে আমন্ত্রণ জানাতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের।
ভোটাররা বলছেন, এটি আচরণবিধি লঙ্ঘন। তবে এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না বলে দাবি করেছেন আমন্ত্রণকারী ছাত্রলীগের সমর্থকরা।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে রোকেয়া হলের সামনে তিন ছাত্রীকে ফুল নিয়ে ভোটকেন্দ্রে আমন্ত্রণ জানাতে দেখা যায়।
তিন মেয়ে শিক্ষার্থী ভোটারদের হাতে ফুল দিয়ে ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম রাব্বানীর প্রচারপত্র বিলি করছেন।
ফুল ও লিফলেট হাতে ছাত্রলীগের তিন সমর্থকের একজন নাম প্রকাশ না করে বলেন, আমরা জিএস প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে ভোট চাইছি। ভোটারদের ফুল দিয়ে ভোটকেন্দ্রে আমন্ত্রণ জানাচ্ছি।
এতে আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আচরণবিধি ভঙ্গ হওয়ার কিছু নেই। আমরা ফুল দিয়ে ভোটারদের অভ্যর্থনা জানাচ্ছি।
এ বিষয়ে ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কিছু কাউকে করতে দেয়া হবে না। আমরা সব কিছু মনিটরিং করছি।






















































