শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রকৌশলীকে মারধর ও চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার


প্রকৌশলীকে মারধর ও চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট : নিম্নমানের কাজের অভিযোগ তুলে উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও চাঁদাবাজির মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি একেএম হুমায়ন কবিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে লালমনিরহাট জেলা শহরের সরকারী মজিদা খাতুন মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার সকালে কবিরকে আদালতে সোপর্দ করেছে আদিতমারী থানা পুলিশ।

গ্রেফতার হুমায়ন কবির আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। মামলা।

জানা গেছে, উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি রাস্তার কার্পেটিং এর কাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রকৌশলী অধিদফতর। সড়কটির কার্পেটিং কাজের শুরুতেই বৃহস্পতিবার হুমায়ন কবির ও তার লোকজন কাজের মান নিম্নমানের প্রশ্ন তুলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় কাজের তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী জাকিরুল ইসলাম (৪৮) ও কার্য সহকারী আশরাফুল আলমের উপর হামলা চালায়।

আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে কার্য সহকারী আশরাফুলকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয় আর উপ-সহকারী প্রকৌশলী জাকিরুলকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই জাকিরুল বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ন কবির ও তার ছোট ভাই রাশেদুজ্জান রাশেদসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে একটি মামলা দায়ের করেন। এ মামলায় কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার সকালে কবিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি