শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভূমধ্যসাগরে নৌকাডুবিতে এখনও ৪০-৪৫ জন বাংলাদেশি নিখোঁজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় এখনও প্রায় ৪০ থেকে ৪৫ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে একজনের মৃতদেহ।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রমবিষয়ক কাউন্সিলর আশরাফুল ইসলাম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৯মে একই সময়ে দুটি নৌকা ইতালির উদ্দেশে রওনা হয়। অভিবাসী প্রত্যাশীদের নৌকা দুইটির একটিতে প্রায় ৫০ এবং অন্যটিতে ৭০ জন যাত্রী ছিলো। একটি নিরাপদে ইতালি পৌঁছালেও অন্য নৌকাটি ওই দুর্ঘটনায় পড়ে।

আশরাফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটি সম্ভবত লিবিয়ার জোয়ারা থেকে ছেড়েছিল।

এর আগে সোমবার ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিহতের মধ্যে ২৭ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা কথা জানায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ২৭ জনের মধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রেড ক্রিসেন্টের বিবৃতিতে সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগে দায়িত্বরত পরিচালক ইমাম জাফর শিকদার জানান, তিউনিসিয়ায় রেড ক্রিসেন্টের প্রাদেশিক প্রধান ডা. মাঙ্গি সিলামের মাধ্যমে জীবিত চার বাংলাদেশি নাগরিকের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। চারজনের সঙ্গে ফোনালাপের মাধ্যমে নিহত ২৭ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়।

নৌকাডুবিতে নিহত ও জীবিত বাংলাদেশিদের তথ্য পেতে দুটি হট লাইন নম্বর :৮৮-০২-৪৯৩৫৪২৪৬ ও ০১৮১১৪৫৮৫২১-এ ফোন করার অনুরোধ জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি