সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিষিদ্ধ ইংলিশ অধিনায়ক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পরের ম্যাচে জিতলেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে ফেলবে ইংল্যান্ড। এর আগে ইংলিশ শিবিরে দুঃসংবাদ। ওই ম্যাচে অধিনায়ক ইয়ন মরগানকে নিষিদ্ধ করা হয়েছে।

গেল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় তুলে নেয় ইংল্যান্ড। তবে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানাও দিতে হচ্ছে মরগানকে। এর আগে গেল ফেব্রুয়ারিতে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্লো ওভার রেটের অপরাধ করে ইংলিশরা।

আইসিসির নিয়ম অনুযায়ী, এক বছরের মধ্যে কোনো ক্রিকেটার একই ধরনের অপরাধ দুইবার করলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন। ফলে দ্বিতীয়বার একই কাণ্ড ঘটিয়ে নিষিদ্ধ হলেন মরগান।

একই কারণে ইংল্যান্ড দলের বাকি সদস্যদেরও ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুণতে হবে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্রিস্টলে ৫০ ওভার বল করতে ৪ ঘণ্টা পার করেছে স্বাগতিকরা।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ে ওভার শেষ করেনি ইংল্যান্ড। এসময়ের পরও ২ ওভার বল করেছে দলটি। তাই পরের প্রত্যেক ওভারের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে অন্যদের। আর মরগানের হয়েছে দ্বিগুণ।

৫ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ম্যাচটি বেরসিক বৃষ্টিতে ভেসে যায়। আগামী শুক্রবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে গড়াবে চতুর্থ ওয়ানডে। সেটি জিতলেই সিরিজ ঘরে তুলবে ব্রিটিশরা। তবে সফরকারী সরফরাজদের বিপক্ষে সেই ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না তারা। তবে পঞ্চম ম্যাচে পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি