ডেস্ক রিপোর্ট :
দেশটির ১৭ তম লোকসভা নির্বাচনের পর জনস্রোতের মত তৃণমূল কংগ্রেস থেকে নেতা-কর্মীদের বিজেপি’তে যোগ দেওয়ায় তাদেরকে ‘লোভী ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর তৃণমূল এমপি বিশ^জিৎ দাস ও ১২জন কাউন্সিলর এবং কংগ্রেস মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ বিজেপি নেতা কৈলাশ বিজয়ভারগিয়া ও মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। তবে এসবে মোটেও চিন্তিত নন বলে দাবি করেন মমতা।
মঙ্গলবার তৃণমূল প্রধান জানান, তার দল ময়লা পরিষ্কার করছে। যাদেরকে ছুঁড়ে ফেলা হচ্ছে বিজেপি তাদেরকে নিয়ে দল বাড়াচ্ছে।
তিনি বলেন, বিশ^াসঘাতকদের জায়গা তার দলে নেই এবং তাদের স্থান ‘একনিষ্ঠ কর্মীবাহিনী’ দিয়ে পূরণ করা হবে। এছাড়া, দলের মধ্যে থাকা বেইমানদের যত শীঘ্র সম্ভব বিজেপি’তে যোগ দেওয়ার আহ্বান জানান মমতা।
মমতা বলেন, ‘অল্প কয়েকজন দুর্নীতিবাজ, লোভী নেতা কোথায় গেলো না গেলো সেটি নিয়ে আমি মোটেও চিন্তার কিছু দেখছি না।
তারা বিজেপি’তে নাম লিখিয়েছেন কেননা তাদের মনে ভয় রয়েছে যে তাদেরকে কৃতকর্মের জন্য কঠোর পরিণতি ভোগ করতে হবে। ২০২১ সালের রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে দলকে আবার ঢেলে সাজানো হবে। একজন বেরিয়ে গেলে সেখানে আরও ৫শ’ জন এসে শূন্যস্থান পূরণ করবে। আমরা চাই এইসব লোভীদের জায়গায় নিবেদিতপ্রাণ কর্মী দলে আসুক।’

























































