![]()
ডেস্ক রিপোর্টঃ
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি মো. নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া ‘বন্দুক যুদ্ধে’ পুলিশের ৬ সদস্য আহত হয়েছে বলেও জানানো হয়।
আজ ভোরে উপজেলার আমানুল্যাপুর ইউনিয়নের জনকল্যাণ হাই স্কুল মাঠে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত নজরুল শিবিরের কর্মী, সে রাকিব হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলো। এছাড়া তার বিরুদ্ধে আরও দু’টি মামলা রয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, রোববার রাতে আমানুল্যাপুর ইউনিয়নের পলোয়ান পুল বাজারে ছাত্রশিবির কর্মীদের হামলায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ পাঁচ জন গুরুতর আহত হয়। পরে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব হোসেনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় রাকিবের মায়ের দায়ের করা মামলার আসামিদের ধরতে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে বের হয়। এ সময় আমানুল্যাপুর ইউনিয়নের জনকল্যাণ মাঠে শিবিরকর্মী নজরুল ইসলাম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে শিবির ক্যাডাররা পিছু হঠলে, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।
নিহত নজরুল রাকিব হোসেন হত্যা মামলার ২ নম্বর আসামি জানিয়ে ওসি বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় থানায় হত্যা, অস্ত্র, এবং পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, রোববার রাতে ইউনিয়নের নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পলোয়ানের পুল বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলো ছাত্রলীগের কর্মীরা। রাত ৮টার দিকে হঠাৎ শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করে এবং দোকানে ঢুকে ছাত্রলীগের কর্মীদের কুপিয়ে আহত করে। এদের মধ্যে রাকিব ও হাবিবের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতে রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাবিবকে ঢাকা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিবের কিডনি, লিভার ও পাকস্থলিতে গুলি লেগেছিল। পরে সোমবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়।






















































