শনিবার,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


রেললাইন ক্রস করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মেছো বাঘের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২০

ডেস্ক রিপোর্ট:

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মেছো বাঘ মারা গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণে নওপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেছো বাঘটি লোকালয়ে বেরিয়ে আসার পর মানুষের উপস্থিতি টের পেয়ে রেল লাইনের ধারে জঙ্গলের মধ্যে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেছো বাঘটি রেললাইন ক্রস করতে গেলে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. হাফিজুল ইসলাম জানান, রেললাইনের ধারে মেছো বাঘটি পড়ে আছে। উৎসুক জনতা এই মেছো বাঘটি দেখার জন্য ভিড় জমাচ্ছে। বিষয়টি রেলওয়ে স্টেশন মাস্টারসহ স্থানীয় পরিবেশ কর্মীদের জানানো হয়েছে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. ফজলে রাব্বী জানান, এটি দেখতে মেছো বাঘের মত মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি মেছো বিড়াল। বিষয়টি রাজশাহী বন বিভাগকে জানানো হয়েছে। তারা মৃত প্রাণীটি মাটিতে পুঁতে রাখার পরামর্শ দিয়েছেন।

নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী (অস্থায়ী মাস্টার) দেবব্রত কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি