স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামে শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূকে নির্যাতন শেষে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগৎপুর গ্রামের মৃত কবির আহমেদের মেয়ে শারমিনের সঙ্গে একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে মাসুদের বিয়ে হয়। নিহতের ভাই জাকির জানান, বিয়ের পর থেকেই মাসুদ বিভিন্নভাবে তার বোনকে নির্যাতন করতে থাকে। কিছুদিন ধরে মাসুদ শারমিনের কাছে একটি স্বর্ণের চেইন বায়না করে। কিন্তু অভাবের সংসারের কারণে শারমিন তার ভাইয়ের কাছে স্বর্ণের চেইন চাইতে অস্বীকার করে।
২৩ সেপ্টেম্বর শারমিন তার বোন নাজমার ছেলের সুন্নতে খৎনা উপলক্ষে স্বামীকে নিয়ে গেলে সেখানেও তাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে না খেয়েই তারা চলে আসে। জাকির আরো জানায়, আসার পর বোনের স্বামী মাসুদ থানায় একটি জিডি করে। শনিবার বেলা ১১টায় শারমিনের লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ সুরুতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বুড়িচং থানার ওসি তদন্ত মাসুদ খান বলেন,রিপোর্ট আসার পর হত্যার কারণ জানা যাবে।


















































