শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পদ্মা সেতুর ৩২ তম স্প্যান তীব্র স্রোতের কারণে বসানো যায়নি


পদ্মা সেতুর ৩২ তম স্প্যান তীব্র স্রোতের কারণে বসানো যায়নি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

সব আয়োজন ঠিকঠাক থাকলেও মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪-৫ নম্বর পিয়ারের ওপর ৩২তম স্প্যান বসনো সম্ভব হয়নি। যেই ক্রেনে স্প্যানটি বহন করা হয়েছিল নদীর তীব্র স্রোতের কারণে তা নির্দিষ্ট খুটি থেকে বার বার সরে যাচ্ছিল।

শনিবার (১০ অক্টোবর) স্প্যানটি বসানোর কথা ছিলো। কিন্তু স্রোতের কারণে বিপত্তি দেখা দেয়। তবে আগামীকাল রোববার সকালে আবারও স্প্যানটি বসানোর কাজ শুরু হবে। সেতুসংশ্লিষ্ট এক প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেনন।

পদ্মা সেতুর প্রকৌশল সূত্র জানায়, শনিবার দুপুর সোয়া ১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ‘তিয়ান ই’ নামের ভাসমান ক্রেনটি ৩ হাজার ১৪০ টন ওজনের ৩২তম স্প্যানটি নিয়ে নির্দিষ্ট পিলারের কাছে যাত্রা শুরু করে। দুপুর ২টার দিকে নির্দিষ্ট খুঁটির কাছে যায়। নদীতে তীব্র স্রোতের কারণে ভাসমান ক্রেনটি নোঙর করা যাচ্ছিল না।

কয়েকবার নির্দিষ্ট খুঁটি বরাবর গেলেও সেটা স্থির রাখা যায়নি। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে। তাই শনিবার বসানো হচ্ছে না স্প্যান।

বন্যা ও পদ্মার তীব্র স্রোতের জন্য গত চার মাসে কোনো স্প্যান বসানো যায়নি। সবশেষ চলতি বছরের ১০ জুন সেতুর জাজিরা প্রান্তের ২৫ এবং ২৬ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেতুর ৩১তম স্প্যান।

পদ্মা সেতুর আরেক প্রকৌশলী জানান, পদ্মা সেতুতে ১০টি স্প্যান বসানো বাকি আছে। এগুলো মাওয়া প্রান্তের ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১০, ১১, ১২ খুঁটির ওপর বসবে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সবগুলো স্প্যান বসানো হবে। মূল সেতুর কাজ ৯০ ভাগ ও সার্বিক কাজ ৮১ দশমিক ৫ ভাগ সম্পন্ন হয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি দোতলা হবে। সেতুর উপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে ট্রেন চলবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি