শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অর্থ আত্মসাতের মামলায় সাহেদকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত


অর্থ আত্মসাতের মামলায় সাহেদকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের ডবলমুরিং থানায় দায়ের হওয়া অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে মামলাটিতে গ্রেপ্তারে আদেশ দেন আদালত। আজ রোববার দুপুর দেড়টার দিকে এ আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহান।

মামলার বাদীপক্ষ মেগা মটরসের আইনজীবী ধৃতিমান আইচ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অর্থ আত্মসাতের মামলায় মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন’ আজ রোববার দুপুর ১টার দিকে মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকায় সিএনজি থ্রি-হুইলারের রুট পারমিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়। মিথ্যা আশ্বাস দিয়ে মো. সাহেদ ওরফে সাহেদ করিম এ টাকা আত্মসাত করেন।

সাহেদ মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে ২০১৭ সালের ২২ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের ঢাকা অ্যাভিনিউ গেট শাখার অ্যাকাউন্টের মাধ্যমে নগদ ৩০ লাখ টাকা গ্রহণ করেন। একই বছরের ২৫ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার মাধ্যমে চার লাখ ৭৫ হাজার, ৩০ জানুয়ারি পাঁচ লাখ, ১ ফেব্রুয়ারি পাঁচ লাখ, ১৩ ফেব্রুয়ারি ছয় লাখ, ১৬ ফেব্রুয়ারি তিন লাখ ৫০ হাজার টাকা, ২০ ফেব্রুয়ারি দুই লাখ টাকা, ২৭ ফেব্রুয়ারি দুই লাখ টাকা, ৫ মার্চ এক লাখ টাকাসহ মোট ৫৯ লাখ ২৫ হাজার টাকা গ্রহণ হরেন। এ ছাড়া তিনি ৪ ফেব্রুয়ারি ১৮ লাখ, ৮ ফেব্রুয়ারি ছয় লাখ, ২০ ফেব্রুয়ারি এক লাখ ও ৭ মার্চ সাত লাখ টাকা মেসার্স মেগা মোটরসের অফিসে এসে নগদ গ্রহণ করেন।

বিভিন্ন লোকজনের নাম ভাঙিয়ে মোট ৯১ লাখ ২৫ হাজার টাকা গ্রহণ করার পর ২০১৭ সালের ৫ মার্চ মেগা মোটরসকে বিআরটিএ চেয়ারম্যানের স্বাক্ষর করা একটি পরিপত্রের ফটোকপি দেন সাহেদ। সেখানে ২০০ সিএনজি থ্রি-হুইলারকে ঢাকা সিটিতে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ ছিল। পরে বিআরটিএতে যোগাযোগ করে পরিপত্রের ফটোকপিটি ভুয়া বলে জানতে পারেন মেসার্স মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।

ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করোনাভাইরাসের পরীক্ষা জালিাতি করে ও পরীক্ষা না করেই ফল দিয়ে আলোচনায় আসার পর গ্রেপ্তার হন। বিভিন্ন অভিযোগে তিনি কয়েক দফায় রিমান্ডে ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি