ডেস্ক রিপোর্ট:
ফেনী শহরের বনানী পাড়ায় সেলুন দোকানে ১০ বছরের এক শিশুকে আটকে ধর্ষণের অভিযোগে মানিক চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) আসামিকে আদালতে পাঠানোর এবং নির্যাতিতা শিশুটির জবানবন্দি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার।
গ্রেপ্তার মানিক চন্দ্র দাস (৫৫) ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব সিলোনিয়ার সুরামণি দাসের ছেলে।
পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্র জানায়, মানিক দাস ও শিশুটির পরিবার দীর্ঘদিন স্থানীয় আরিফ হোসেন মোল্লার ভাড়া বাসায় থাকে। সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব সিলোনীয়া গ্রামের সুরামনি দাসের ছেলে মানিক চন্দ্র দাসের স্ত্রী অসুস্থ থাকায় ১৫ অক্টোবর দুপুরে ওই শিশুটিকে ভাত নিয়ে সেলুন দোকানে পাঠায়। এসময় তার সঙ্গে ৮ বছর বয়সী তার ছোট বোনও ছিলো।
দুই বোন দোকানে গেলে কৌশলে মানিক দাস ছোট বোনকে সিঙ্গারা আনার জন্য বাইরে পাঠায়। এসময় বড় বোনকে রেখে দোকান আটকে দেয়। তার মা-বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে চোখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। কিছুক্ষণ পর ছোট বোন ফিরে এসে দোকান বন্ধ দেখে দরজায় ধাক্কা দেয়। দোকান খোলার পর বোনকে নগ্ন অবস্থায় দেখতে পায়। ঘটনার পর বাসায় ফিরে মা-বাবাকে জানালে স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
নির্যাতিতা শিশুটি জানায়, মানিক দাস ঘটনাটি জানাজানি করলে তার মা-বাবাকে মেরে ফেলার হুমকি দেয়।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, ঘটনাটি জানামাত্রই পুলিশ অভিযুক্ত মানিক দাসকে রোববার বাসা থেকে আটক করে নিয়ে আসে। সোমবার ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। ডিএনএ পরীক্ষার জন্য মানিক দাসকে হাসপাতালে নেয়া হয়।


















































